কিংবদন্তি শিল্পী-সুরকার লাকী আখন্দ অসুস্থ। তাকে ফিরিয়ে আনতে হূদয়বান মানুষরা নিচ্ছেন নানা-রকমের উদ্যোগ। লাকী আখন্দের চিকিত্সা সহায়তার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় ব্যান্ড সোসাইটির আয়োজনে গতকাল মঙ্গলবার থেকে শুরু হয়েছে দুই দিনের কনসার্ট ‘ট্রিবিউট টু স্যার লাকী আখন্দ’।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) মিলনায়তনে অনুষ্ঠিত এ কনসার্টে প্রথম দিনে অংশ নিয়েছে গোটা পনের ব্যান্ড। আজ বুধবার লাকী আখন্দের জন্য গান গাইবে আরও পনেরটি ব্যান্ডদল। ঢাকা বিশ্ববিদ্যালয় কালচারাল সোসাইটির শিল্পীরা গেয়ে শোনান প্রিয় শিল্পীর সব গান। মাত্র ৫০ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ যে যত অর্থ সহায়তা করতে পারেন– এ ঘোষণায় সারিবদ্ধভাবে শ্রোতারা ভিড় জমাতে থাকেন টিএসসি মিলনায়তনে। বিকালে টিকিটের সর্বনিম্ন দাম ধার্য করা হয় ৩০০ টাকা। এছাড়াও ১৮ জন স্বেচ্ছাসেবক সহায়তার ডাক নিয়ে ছুটে বেড়িয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার চতুর্দিক।
গতকাল মূল আকর্ষণ ছিল জনপ্রিয় সঙ্গীতশিল্পী ও অভিনেতা তাহসান। তিনি তার ব্যান্ডদল নিয়ে মঞ্চে উঠেন সাড়ে আটটার দিকে। নিজের জনপ্রিয় কয়েকটি গানের সঙ্গে লাকী আখন্দের গানও পরিবেশন করেন তিনি। এছাড়াও তিনি তার দুইটি টি-শার্টে অটোগ্রাফ করে নিলামে তোলেন। আগামী দুই দিন ফেসবুকের মাধ্যমে নিলাম চলমান থাকবে বলে জানিয়েছেন আয়োজনের অন্যতম উদ্যোক্তা আব্দুল্লাহ আল ইমরান। তিনি জানান, সর্বোচ্চ দুই দরদাতা টি-শার্টটি পাবেন এবং তাহসানের সঙ্গে ছবি তোলার সুযোগও থাকছে। প্রথম দিনে টিকিট বিক্রি ও মানুষের সহায়তা মিলে এক লাখ টাকা সংগ্রহ করা সম্ভব হবে বলে আশা করেন তিনি। দিনের শেষ পরিবেশনায় দর্শকদের উন্মাদনা সবচেয়ে বেশি থাকলেও দিনভরও ছিল তাদের পদচারণা। তাদের জন্য নিজেদের সেরা গানগুলো গেয়ে শোনায় ব্যান্ডদল আর্বোভাইরাস, অ্যাশেজ, সহজিয়া, দুর্গ, ওয়ারসাইট, আনস্পেসিফাইড, এক্সেনেমি, মানব, স্ক্রিচ, ফিদ্ধড, স্কিলড, হ্যাশ ও সায়ানাইড। প্রত্যেকটি ব্যান্ড একটি করে লাকী আখন্দের গান পরিবেশন করে। এসব গানের মধ্যে ছিল— ‘আমায় ডেকো না’, ‘এই নীল মণিহার’, ‘মামনিয়া’, ‘আগে যদি জানতাম’, ‘কে বাঁশি বাজায় রে’, ‘খোলা আকাশের মতো তোমাকে হূদয় দিয়েছি’, ‘নীল নীল শাড়ি পরে’, ‘পাহাড়ি ঝরনা’, ‘এই পৃথিবীর বুকে আসে যায়’ ইত্যাদি।
আজ দ্বিতীয় দিনের আয়োজনে নিজেদের পরিবেশনা নিয়ে মঞ্চে উঠবে ব্যান্ডদল এভোয়েড রাফা, ওল্ড স্কুল, চাতক, অর্জন, অজ্ঞাতনামা, আপেক্ষিক, নিউ সোনার বাংলা সার্কাস, অর্ব অব উইন্টার, অ্যাক্রিড, ঢাকা ১২০৭, রোদ, ইকুয়েশন, রেডিয়েশন ইত্যাদি। আয়োজকরা জানান, দুই দিনের টিকিট বিক্রি ও ক্যাম্পাস থেকে সংগৃহিত অর্থ ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক ইউনাইটেড হাসপাতালে গিয়ে লাকী আখন্দের হাতে তুলে দেবেন।