এক সময় মোবাইল ফোন আর নকিয়া ছিল সমার্থক শব্দ। কিন্তু গেছে যে দিন বুঝি একেবারেই গেছে। আজ স্যামসাং থেকে অন্যান্য হ্যান্ডসেটের দৌলতে মোবাইলের বাজারে সে প্রায় কোণঠাসা। নকিয়ার ব্র্যান্ড ভ্যালু যে প্রায় তলানিতে এসে ঠেকেছে তা সকলেই স্বীকার করে নিয়েছেন। আর এই দেওয়ালে পিঠ ঠেকে যাওয়া অবস্থা থেকেই ঘুরে দাঁড়াতে চাইছে নকিয়া।
নতুন করে ফিরতে যার উপর আস্থা রেখেছে নকিয়া, তিনি হলেন পেক্কা রান্তালা। অ্যাংরি বার্ডসের স্রষ্টাকেই প্রধান মার্কেটিং অফিসার হিসেবে ডাকা হয়েছে। তিনি নকিয়ার প্রাক্তন কর্মীও বটে। পরে যোগ দেন রোভিওতে। আবার পুরনো কোম্পানিতে ফিরছেন তিনি এবং প্রধান বিপণন কর্মকর্তা হিসেবে। আর মূলত তার ভাবনায় ভর করেই বাজারে নতুন রূপে ফিরতে চাইছে নকিয়া।
তা সম্ভব করে তুলতে বেশ কয়েকটি পরিকল্পনাও নেওয়া হয়েছে। এইচএমডি গ্লোবাল নামে এক কোম্পানির সঙ্গে বিশেষ চুক্তি সই করা হয়েছে। এই যুগলবন্দিতেই মোবাইলের বাজারে বড় আকারে প্রত্যাবর্তন ঘটতে চলেছে নকিয়ার।
স্মার্টফোন নির্ভর দুনিয়ায় অ্যান্ড্রয়েড ওএস-এর চাহিদার কথা মাথায় রেখে, নকিয়াকে ফেরানোর বন্দোবস্ত ইতোমধ্যেই শুরু হয়ে গিয়েছে। তবে প্রতিযোগিতা বেশ কড়া। বিশেষত স্মার্টফোনের বাজারে নকিয়ার প্রতিপত্তি প্রায় নেই বললেই চলে। অনেক অনামী কোম্পানি বাজার ধরতে পারলেও নকিয়া পিছিয়ে গিয়েছে অনেকখানি। সেখান থেকে নকিয়া ফেরানো মস্ত চ্যালেঞ্জের কাজ রন্তালার সামনে।
তবে যেহেতু তিনি কোম্পানিকে আগাগোড়া চেনেন তাই তার পক্ষে এই পরিস্থিতি সামলানো হবেই মনে করা হচ্ছে। সেই হিসেবে খুব শিগগিরই হয়তো মোবাইল দুনিয়ার হারানো রাজত্ব আবার ফিরে পাবে নকিয়া।
ইত্তেফাক/এএম