বঙ্গবন্ধুকে নিয়ে বাংলাদেশ-ভারতের যৌথ চলচ্চিত্র নির্মাণের ঘোষণা

২০২০ সালে জাতির জনকের জন্ম শতবার্ষিকী উদযাপনে যৌথ প্রযোজনায় তার বায়োপিক নির্মাণ করবে বাংলাদেশ ও ভারত সরকার। মঙ্গলবার বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে দুই দেশের যৌথ প্রযোজনায় নির্মিতব্য ডকুমেন্টারি তৈরির ঘোষণা দেয়ার সময় এ কথা জানানো হয়।
 
ভারতে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু ও ভারতের তথ্য ও সম্প্রচার মন্ত্রী এম ভেঙ্কাইয়াহ নাইড়ুর সঙ্গে এক বৈঠকের পরে এক বিবৃতিতে এ কথা জানানো হয়। বিবৃতিতে আরো জানানো হয়েছে, অল ইন্ডিয়া রেডিও শুধুমাত্র বাংলাদেশ ও বাঙ্গালিদের জন্য ২৩ আগস্ট থেকে আকাশবাণী মৈত্রী নামে একটি চ্যানেল চালু করা হবে। ভারতের প্রেসিডেন্ট প্রণব মুখোপাধ্যায় এই চ্যানেলটি উদ্বোধন করবেন, যেটি দুই দেশের মানুষের সম্প্রীতির সেতু হিসেবে কাজ করবে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।
 
বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে নির্মিতব্য ডকুমেন্টারির প্রসঙ্গে নাইড়ু বলেন, ডকুমেন্টারির জন্য ভারতের ফিল্ম ডিভিশন, সরকারি টেলিভিশন দুরদর্শন ও অন্যান্য আর্কাইভে থাকা ফুটেজ ব্যাপকভাবে ব্যবহার করা হবে। ২০২১ সালে বাংলাদেশের ৫০তম স্বাধীনতা দিবসের সময়ে ডকুমেন্টারিটি প্রকাশ করা হবে।
 
IMG0
 
এছাড়া দুই দেশের মধ্যে ফিল্ম ফেস্টিভ্যালের উদ্যোগ নেয়া হবে। ভারতে বাংলাদেশি সিনেমার ফেস্টিভ্যাল এবং বাংলাদেশে হবে ভারতীয় সিনেমা ফেস্টিভ্যাল। ১৯৩৫ সালে প্রমথেশ বড়ুয়া অভিনীত দেবদাস সিনেমার সেলুলয়েড ভার্সন বাংলাদেশ ভারতকে প্রদান করবে। এর আগে এই সিনেমার ডিভিডি ভার্সন ন্যাশনাল ফিল্ম আর্কাইভকে দিয়েছিল বাংলাদেশ। 
 
ভারতের তথ্যমন্ত্রীর বিবৃতিতে বলা হয়, দুই দেশের মধ্যে সময়োপযোগী ও সঠিক তথ্য সম্প্রচার গুজব ও মিথ্যা ছড়ানো বন্ধ করবে এবং একই সঙ্গে দুই দেশের মানুষের মধ্যে সহযোগিতা ও বোঝাপড়া বৃদ্ধি পাবে।
 
ইত্তেফাক/এসএসএ