প্রতিনিধির মাধ্যমে পারিবারিক আদালতে কেউ মামলা চালাতে পারবে না মর্মে রায় দিয়েছে হাইকোর্ট। এছাড়া পারিবারিক আদালত মামলার ক্ষেত্রে পাওয়ার অব অ্যাটর্নি আইনও প্রযোজ্য হবে না বলে ঘোষণা করেছে আদালত।
বিচারপতি মো. আব্দুল হাফিজের একক বেঞ্চ আজ বুধবার এই রায় ঘোষণা করেন। রায়ে বলা হয়, পারিবারিক আদালতের কোন মামলায় পর্দানশীন মহিলা ব্যতীত কোন পক্ষই প্রতিনিধি বা এটর্নির মাধ্যমে মামলা পরিচালনা বা প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন না। রায়ের বিষয়টি সাংবাদিকদের অবহিত করেন আইনজীবী ব্যারিস্টার তৌফিক ইনাম টিপু।
মামলার বিবরণীতে জানা যায়, স্বামীর সঙ্গে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের একজন মহিলা প্রভাষকের বিবাহ বিচ্ছেদ হয়। এরপর সন্তানের অভিভাবকত্ব ও হেফাজত দাবি করে ঢাকার সহকারী জজ পারিবারিক আদালতে ২০১২ সালের ২৭ নভেম্বর মামলা দায়ের করেন ওই প্রভাষক। কিন্তু সন্তানের পিতা দেশের বাইরে বসবাস করায় তার সহোদর ভাইকে মামলাটি দেখাশুনা ও পরিচালনার জন্য রেজিস্টার্ড পাওয়ার অব এটর্নি (আম-মোক্তারনামা) প্রদান করেন। উক্ত আমমোক্তারনামার ক্ষমতাবলে পিতার জবাব দাখিলপূর্বক মামলাটি প্রতিদ্বন্দ্বিতা করে আসছিলেন তার ভাই। কিন্তু পারিবারিক আদালত অধ্যাদেশ ১৯৮৫ এর আওতায় একজন পুরুষ কর্তৃক প্রতিনিধির মাধ্যমে মামলা পরিচালনার বিষয়ে প্রশ্ন উত্থাপন করা হয়। সহকারীর জজ আদালতে বিচারাধীন থাকাবস্থায় এই প্রশ্ন উত্থাপন করা হয়।
সহকারীর জজ আদালত তার আদেশে বলে, প্রতিনিধির মাধ্যমে মামলা করা যাবে। তবে আমরা তার (পিতার) উপস্থিতি আবশ্যক মনে করি।
এই আদেশের বিরুদ্ধে ঢাকার জেলা জজ আদালতে আপিল করা হয়। জেলা জজ আদালতের আদেশে বলা হয়, নিজ ব্যাতীত কোন প্রতিনিধির মাধ্যমে মামলা পরিচালনার সুযোগ নেই। এই রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করা হয়। আপিলকারী পক্ষে মৌফিক ইনাম টিপু ও প্রভাষকের পক্ষে অ্যাডভোকেট সুব্রত চৌধুরী শুনানি করেন। শুনানি শেষে হাইকোর্ট উপরোক্ত রায় দেয়।