খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম বলেছেন, একাত্তরের প্রতিশোধ নিতেই স্বাধীনতাবিরোধী চক্র আইএসের মতো বিভিন্ন রূপে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে যাচ্ছে। এ ষড়যন্ত্রে নেতৃত্ব দিচ্ছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। তাই দেশবিরোধী ষড়যন্ত্র রুখতে সবাইকে সোচ্চার হতে হবে।
বুধবার জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে বিবি ফাউন্ডেশন আয়োজিত ‘জাতির লক্ষ্য পূরণের রাজনীতি ও বর্তমান বাস্তবতা’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি আরো বলেন, পাকিস্তানের প্রভাবশালী গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের এজেন্ডা বাস্তবায়নের জন্য এ দেশে বিএনপির জন্ম হয়েছিল। এ জন্য বিএনপি জামায়াতকে ছাড়তে পারে না। বিএনপি রাজনৈতিক সুবিধা পেতে যদি জামায়াত ছাড়ে, তারপরও মানুষ হত্যাকারীদের সঙ্গে আলোচনা হবে না।
কামরুল ইসলাম বলেন, একাত্তরের ঘাতকরা সবাই তাদের (বিএনপি) সঙ্গে একীভূত হয়ে গিয়েছে। সব রাজাকার, আল বদর এখন তাদের সঙ্গে। বিএনপি-জামায়াতকে ইঙ্গিত করে তিনি বলেন, অনেকে তাদের সাথে সমঝোতা, আলোচনার কথা বলেন। জামায়াত ছাড়লে বিএনপির সাথে আলোচনার কথা বলেন। কেন আলোচনা করা হবে? বিএনপির জন্মই হয়েছে জামায়াতের গর্ভ থেকে, তাহলে কেন তাদের সাথে আলোচনা করতে হবে? তাদের সঙ্গে আলোচনার প্রশ্নই উঠে না। যারা বঙ্গবন্ধুকে হত্যা করেছে, ২০০৪ সালে শেখ হাসিনাকে হত্যা করতে চেয়েছে, যারা আগুন সন্ত্রাসী তাদের সাথে কিসের আলোচনা?
ইত্তেফাক/এএম।