মেক্সিকোর মাদক সম্রাট গুজম্যানের ছেলেকে অপহরণ

মেক্সিকোর মাদক সম্রাট এল চাপো গুজম্যানের ছেলে আলফ্রেডো গুজম্যানকে (২৯) পর্যটন শহর পুয়েরটো ভিল্লারতা থেকে অপহরণ করেছে প্রতিদ্বন্দ্বী মাদকচক্র জালিস্কো নিউ জেনারেশনের লোকেরা।
 
প্রতিদ্বন্দ্বী মাদক চক্রটি এ সময় সিনালোয়া গ্রুপের আরো ৫ সদস্যকে অপহরণ করে। তাদের পুয়েরতো ভিল্লারতা শহরের লা লেচ রেস্টুরেন্ট থেকে অপহরণ করা হয়। রাজ্যের অ্যাটর্নি জেনারেল এডুয়ারডো অপহরণের বিষয়টি নিশ্চিত করেছেন।
 
এ সময় গুজম্যানের আরেক ছেলে ইভানও অপহৃত হয়ে থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে। বিবিসির প্রতিবেদক জুয়ান পলিয়ার বলেন, এ ঘটনার পর মেক্সিকোর প্রধান দুটি মাদক চক্রের মধ্যে যুদ্ধ শুরু হতে পারে। উভয় চক্রই প্রশান্ত মহাসাগরের উপকূলবর্তী মাদক পাচার রুটের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করছে।
 
মেক্সিকোর মাদক পাচারকারীরা প্রতিবছর টনে টনে কোকেন পাচার করে যুক্তরাষ্ট্রে। সিনালোয়া গ্রুপের প্রধান এল চাপো গুজম্যান বর্তমানে কারাগারে বন্দী। ছয় মাস আগে তিনি একবার জেল থেকে পালিয়েছিল। মাদক পাচারের জন্য যুক্তরাষ্ট্রের ওয়ান্টেড তালিকায় আলফ্রেডো গুজম্যানও আছেন। -বিবিসি
 
ইত্তেফাক/এমএএস