'জঙ্গিবাদী ও সন্ত্রাসীদের চিরতরে নির্মূল করা হবে'

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, 'জঙ্গিবাদী ও সন্ত্রাসীদের বাংলাদেশের মাটি থেকে চিরতরে নির্মূল করা হবে। কঠিনভাবে রাষ্ট্র পরিচালনা করা হবে। যেন কোনোভাবে শত্রু দেশ ও মানুষের মাঝে হানা দিতে না পারে। ষড়যন্ত্রকারীদের কোন ছাড় দেওয়া হবে না।'
 
নাসিম বুধবার বিকেলে গুলিস্তানের মহানগর নাট্যমঞ্চে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। ২০০৫ সালের ১৭ আগস্ট দেশের ৬৩ জেলায় সিরিজ বোমা হামলার প্রতিবাদে এই সভার আয়োজন করা হয়।
 
মোহাম্মদ নাসিম বলেন, 'দেশ যখন উন্নত ও সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে তখন নানা চক্রান্ত শুরু হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে জঙ্গিবাদী ও দেশ বিরোধী শক্তিকে আমরা নির্মূল করবো। স্বাধীনতা বিরোধী শক্তির সাথে কোন আপোষ নয়।'
 
ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবুল হাসনাতের সভাপতিত্বে সভায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ ও ডা. দীপু মনি, সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহা উদ্দিন নাছিম ও খালিদ মাহমুদ চৌধুরী, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ড. আব্দুর রাজ্জাক, মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ প্রমুখ বক্তব্য রাখেন।
 
এ সময় মো: নাসিম বলেন, 'বিএনপি গণতন্ত্রের কথা বলে। অথচ তাদের রাজনীতিতে গণতন্ত্রের কোনো অস্তিত্ব নেই। তারা গণতন্ত্রের নামে জাতির জনককে সপরিবারে হত্যা করেছে, একুশে আগস্টসহ ১৯ বার শেখ হাসিনাকে হত্যার চেষ্টা করে, দেশব্যাপী সিরিজ বোমা হামলা করে। এদেশের জনগণের আর বুঝতে বাকী নেই যে তারা কোন ধরণের গণতন্ত্র চায়। সুতরাং এদেরকে উৎখাত করেই এদেশের গণতন্ত্র ঠিকে থাকবে।'
 
দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হবার পাশাপাশি কঠোর হবার আহ্বান জানিয়ে মোহাম্মদ নাসিম বলেন, 'আপনাদের আরও কঠোর হতে হবে। ষড়যন্ত্রকারীদের ঐক্যবদ্ধ ভাবে রুখে দিতে হবে। কোন ছাড় দেওয়া হবে না। ২০১৯ সালের নির্বাচনে সকল ষড়যন্ত্রের মদদ দাতা বিএনপি-জামায়াতকে পরাজিত করতে হবে।' খবর- বাসস।
 
ইত্তেফাক/এসএস