নৌ পরিবহন মন্ত্রী শাজাহান খান বলেছেন, 'বঙ্গবন্ধুকে হত্যার মাধ্যমে বাংলাদেশ তথা দক্ষিণ-পূর্ব এশিয়ার নিপীড়িত মানুষের একজন বন্ধুকে হত্যা করা হয়েছে।'
তিনি বলেন, 'বঙ্গবন্ধু মানেই বাংলাদেশ। বঙ্গবন্ধুকে বাংলাদেশ থেকে কেউ বিচ্ছিন্ন করতে পারবে না। তিনি এ দেশের নিপীড়িত খেটে খাওয়া মানুষের পিতা এবং বন্ধু হয়ে থাকবেন।'
মন্ত্রী বুধবার মাদারীপুর জেলা আইনজীবী সমিতি'র মিলনায়তনে আওয়ামী আইনজীবী পরিষদ আয়োজিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
সভাপতিত্ব করেন আওয়ামী আইনজীবী পরিষদের সভাপতি আহসানউল্লাহ টুকু। এতে বক্তব্য রাখেন মাদারীপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজল কৃষ্ণ দে, আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের সভাপতি আসাদুজ্জামান দুর্জয়, অ্যাডভোকেট সৈয়দ লতিফ ও অ্যাডভোকেট আনোয়ার হোসেন প্রমুখ।
স্থিতিশীল বাংলাদেশে হত্যার রাজনীতি দিয়ে শুরু হয়েছে উল্লেখ করে নৌ পরিবহন মন্ত্রী বলেন, 'প্রথমে ১৯৭৫ সাল, তারপর ৩ নভেম্বর একের পর এক হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। তাছাড়া আজকাল আবার জঙ্গিনামে এক উপদ্রব শুরু হয়েছে। এ জঙ্গিরা দেশের স্থিতিশীল পরিবেবেশকে অস্থিতিশীল করতে চায়।'
জঙ্গিরা ইসলামের নামে মানুষ হত্যা করছে। মানুষ হত্যা করে এরা নাকি ইসলাম কায়েম করবে। এ সমস্ত জঙ্গিরা ইসলামের কলঙ্ক। ইসলাম হত্যার রাজনীতি অনুমোদন করে না বলেও তিনি তার বক্তৃতায় উল্লেখ করেন।
ইত্তেফাক/এসএস