'ডায়াবেটিস রোগীর প্রতি ৪ জনের একজন চোখের সমস্যায় ভোগে'

দেশের ডায়াবেটিস রোগীর প্রতি ৪ জনের একজন চোখের সমস্যায় ভোগে। এদের অনেকেই রেটিনোপ্যাথি, ম্যাকিউলার এডেনা, ছানি ও গ্লুকোমা রোগে ভোগে।
 
বৃহস্পতিবার রাজধানীতে এক সেমিনারে এ তথ্য জানানো হয়। নন-কমিউনিক্যাবল ডিজিজ কন্ট্রোল প্রোগ্রাম, ডিজিএএইচএস ও ইনিশিয়েটিভ ফর এনসিডি, আইসিডিডিআর'বি যৌথভাবে মহাখালীতে ডিজিএইচএস-এর এমআইএস মিলনায়তনে এই সেমিনারের আয়োজন করে।
 
সেমিনারে মূল বক্তব্য উপস্থাপন করেন আইসিডিডিআর'বির এ্যাসোসিয়েট সায়েন্টিস্ট আলিয়া নাহিদ। প্রধান অতিথি ছিলেন স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক ডা. দীন মোহাম্মদ নূরুল হক। তিনি একজন চক্ষু বিশেষজ্ঞ।
 
ডা. দীন মোহাম্মদ বলেন, 'ডায়াবেটিক আই ডিজিজ রোগের বিভিন্ন অংশ ক্ষতি করতে পারে। এর মধ্যে রয়েছে রেটিনা, ম্যাকিউলা, লেন্স ও অপটিক নার্ভ।' তবে আগে ধরা পড়লে সময় মতো চিকিৎসা নিলে, যথাযথ নিয়ম-কানুন মেনে চললে অন্ধত্ব ও কম দেখা প্রতিরোধ অথবা বিলম্ব করানো যেতে পারে।