ঢাকার পল্লবী থানার পলাশ এলাকায় অভিযান চালিয়ে প্রায় আড়াইহাজার মিটার অবৈধ গ্যাস লাইন উচ্ছেদ করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার সারাদিনব্যাপী এ যৌথ অভিযান পরিচালনা করেছে ঢাকা জেলা প্রশাসন ও তিতাস গ্যাস ট্রান্সমিশন লিমিটেড।
অভিযানে হাজারীবাগ থানার বছিলা মোহাম্মদপুর এলাকায় প্রায় আড়াইহাজার মিটার অবৈধ গ্যাস লাইন এবং ৮০০ বাসাবাড়ির অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। বৃহস্পতিবার সকাল দশটা হতে বিকাল ছয়টা পর্যন্ত এ উচ্ছেদ অভিযান পরিচালিত হয়েছে।
অভিযান পরিচালনাকারী ঢাকা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌহিদ এলাহী জানান, অভিযান এলাকায় তিনটি স্পটে প্রায় ৮০০ ঘরবাড়ি, দোকানপাট, কারখানায় অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয় ও গ্যাস সঞ্চালনের অবৈধ পাইপ, মালামাল জব্দ করা হয়। অবৈধ গ্যাস লাইন ব্যবহারকারীদের বিরুদ্ধে থানায় নিয়মিত মামলার নির্দেশ দেয়া হয়েছে। জেলা প্রশাসক,ঢাকার নির্দেশে ঢাকা জেলা প্রশাসন ও তিতাস গ্যাসের এ অভিযান ঢাকা শহরের সর্বত্র নিয়মিত পরিচালিত হবে।
ঢাকা জেলা প্রশাসন ও তিতাস গ্যাস ট্রান্সমিশন এর যৌথ একটি দল উচ্ছেদ অভিযান পরিচালনা নিয়মিত পর্যবেক্ষণ ও মনিটরিং করে আসছে। অভিযান পরিচালনার সময়ে উপস্থিত ছিলেন তিতাস গ্যাস ঢাকা মেট্রো-৬ শাখার ম্যানেজার ইঞ্জিঃ অশোক কুমার গোলদার, রেজাউল হক, গোলাম মোস্তফা ,মনিরুজ্জামান,নুরুল ইসলাম, সহকারী ইঞ্জিঃ মানিক মিয়া,এবং তিতাস গ্যাস এর অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। ঢাকা মেট্রো পলিটনের ৩০ জন পুলিশ সদস্য ও র্যাব -৪ এর একটি দল অভিযানে দায়িত্ব পালন করে।
ইত্তেফাক/এসএসএ