পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, 'যারা জাতির পিতা বঙ্গবন্ধু, বাংলাদেশের স্বাধীনতা এবং অগ্রগতিকে মেনে নিতে পারেনি তাদের সাথে কোন আপোষ হতে পারে না।'
তিনি বলেন, 'একটি জাতির জন্য একজন মানুষের পক্ষে যা কিছু দেয়া সম্ভব বঙ্গবন্ধু তার সবটুকুই দিয়ে গেছেন। যারা বারবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওপর, তার সরকারের ওপর আঘাত করতে চেয়েছিল, তারা বাংলাদেশের অগ্রগতিকে থামিয়ে দিতে চায়।'
পরিকল্পনা মন্ত্রী বৃহস্পতিবার মন্ত্রণালয়ের চত্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪১তম শাহাদৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে পরিকল্পনা মন্ত্রণালয় আয়োজিত আলোচনা সভা ও দোয়ামাহফিলে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
পরিকল্পনা বিভাগের সচিব তারিক উল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে পরিকল্পনা কমিশন সদস্য ড. শামসুল আলম, খোরশেদ আলম চৌধুরী, এ এন সামসুদ্দিন আজাদ চৌধুরী জুয়েনা আজিজ, আইএমইডি সচিব ফরিদ উদ্দিন চৌধুরী, পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব কে এম মোজাম্মেল হক এবং বিআইডিএস মহাপরিচালক ড. কেএএস মুর্শেদ বক্তৃতা করেন।
মুস্তফা কামাল বলেন, 'পৃথিবীর মানচিত্রে বঙ্গবন্ধুর বাংলাদেশ অনেক উঁচুতে যাবে। কোন যড়যন্ত্র এ অগ্রযাত্রা থামাতে পারবে না। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন ক্ষণজন্মা একজন মানুষ। এ দেশের মানুষের প্রতি তার অগাধ বিশ্বাস ও ভালবাসা ছিল।'
ইত্তেফাক/এসএস