ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু, ট্রাকে আগুন

 
নওগাঁয় ট্রাকের চাপায় আব্দুল লতিফ (৩৮) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় স্থানীয় উত্তেজিত জনতা আগুন লাগিয়েছে ঘাতক ট্রাকটিতে। বৃহস্পতিবার রাত সাড়ে ১০ টার দিকে নওগাঁর বাইপাস সড়কের বটতলী মোড়ে এই ঘটনাটি ঘটে। নিহত আব্দুল লতিফ উপজেলার উপজেলার বোয়ালিয়া গ্রামের মৃত মজিবুর রহমানের ছেলে।
 
নওগাঁ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) তোরিকুল ইসলাম জানান, আব্দুল লতিফ বগুড়া জেলার আদমদিঘী উপজেলা সান্তাহারে সোনার বাংলা মার্কেটে দোকান দিয়ে ব্যবসা করতেন। প্রতিদিনের মতো ব্যবসা শেষে রাতে আব্দুল লতিফ নওগাঁর বাইপাস সড়ক দিয়ে গ্রামের বাড়ি ফিরছিলেন। ঘটনার সময় পেছন থেকে মাছের ফিডবাহী একটি ট্রাক (বগুড়া-ড-১১-১০৮৫) তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ সময় সড়কের এক পাশে ট্রাকের চাকা আটকে গেলে ট্রাক ফেলে ড্রাইভার ও হেলপার পালিয়ে যায়। এ ঘটনায় স্থানীয় উত্তেজিত জনতা ট্রাকে আগুন লাগিয়ে দেন। সংবাদ পেয়ে নওগাঁ ফায়ার সার্ভিসের একটি ইউনিট ১৫ মিনিট চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে।
 
ওসি আরো বলেন, উত্তেজিত জনতা ট্রাকে আগুন ধরিয়ে দেয়। এতে ট্রাক ও ট্রাকে থাকা মাছের ফিড পুড়ে গেছে। এ ঘটনায় ট্রাকটি উদ্ধার করে জব্দ ও একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।