সালমানের জন্য আর গাইবেন না অরিজিত

অরিজিত সিং ঠিক করেছেন, ভবিষ্যতে তিনি আর কোনদিন সালমান খানের জন্য গান গাইবেন না।
 
কিছুদিন আগে তার এবং সালমানের ঝগড়া খবরের শিরোনামে উঠে আসে। অরিজিত ফেসবুকের মাধ্যমে সালমানের কাছে ক্ষমা প্রার্থনাও করেন। কিন্তু সালমান তাতে কর্ণপাত করেননি। তিনি এখনো পুরনো কথা ধরে বসে আছেন। তাই বাধ্য হয়ে অরিজিৎ ঠিক করেছেন, আর সালমানের কাছে ক্ষমা প্রার্থনা করবেন না। একই সঙ্গে তিনি সিদ্ধান্ত নিয়েছেন, কোনদিন সালমানের সঙ্গে কাজও করবেন না।
 
এর জন্য অবশ্য অরিজিতকে দোষ দেওয়া যায় না। সালমান খুবই সামান্য কারণে অরিজিতের ওপর রেগে যান। অরিজিত বার বার এর জন্য ক্ষমাও চেয়েছেন। কিন্তু সালমান নাছোড়বান্দা। তিনি অরিজিতের ওপর এতটাই রেগে আছেন যে 'সুলতান' ছবি থেকে তার গাওয়া 'জগ ঘুমিয়া' গানটা বাদ দিয়ে দেন।
 
২০১৪ সালে স্টার গিল্ড অ্যাওয়ার্ডে অরিজিতকে পুরস্কৃত করতে স্টেজে ওঠেন সালমান। তখন মজা করে অরিজিত সালমানকে এমন কিছু বলেন যা শুনে অপমানিত বোধ করেন সল্লু ভাই। তখন থেকেই তিনি অরিজিতের সঙ্গে কথা বলা বন্ধ করে নেন।
 
শুধু তাই নয়, অরিজিতকে জব্দ করার জন্য 'সুলতান' ছবিতে প্রথমে গান গাইয়ে পরে তা বাদ দিয়ে দেন। এখন দেখা যাচ্ছে অরিজিতও সালমানের সঙ্গে আর মিটমাট করতে চাইছেন না।
 
ইত্তেফাক/এএম