অনুপ্রবেশের অভিযোগে পশ্চিমবঙ্গে ৯ বাংলাদেশি গ্রেফতার

পশ্চিমবঙ্গে অনুপ্রবেশের অভিযোগে বুধবার রাতে ৯ বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করেছে দেশটির পুলিশ। শুক্রবার সকালে পুলিশের বরাত দিয়ে এ তথ্য জানায় ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস।
 
এরইমধ্যে তাদেরকে ১৪ দিনের নিরাপত্তা হেফাজতে পাঠিয়েছেন আদালত। এক প্রতিবেদনে ইন্ডিয়ান এক্সপ্রেসের জানায়, বুধবার (১৭ আগস্ট) উত্তর চব্বিশ পরগণার বাসিরহাটের গোজাডাঙ্গা সীমান্ত এলাকার কাছ থেকে ওই ৯ বাংলাদেশিকে গ্রেফতার করা হয়। অভিযুক্তদের বয়স ২০ এর কোটায়। বৃহস্পতিবার ৯ বাংলাদেশিকে বাসিরহাট আদালতে হাজির করা হলে তাদেরকে ১৪ দিনের নিরাপত্তা হেফাজতে পাঠানো হয়।
 
আটককৃতরা হলেন-মুকুল হোসেন, শফিকুল সর্দার, রায়হান ইসলাম, মিজানুর ইসলাম, আবদুল গনি, জামশেদ গাজী, জিয়ারউল ইসলাম, হাসান আলী এবং ফাতেমা বিবি।
 
চব্বিশ পরগণার পুলিশ সুপার ভাস্কর মুখার্জি ইন্ডিয়ান এক্সপ্রেসকে বলেন, ‘তারা (গ্রেফতার বাংলাদেশিরা) অবৈধভাবে প্রবেশ করছিল। আমরা তাদেরকে ১৯৪৬ সালের ফরেইনার্স অ্যাক্টের সংশ্লিষ্ট ধারার আওতায় গ্রেফতার দেখিয়েছি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে তারা কাজের জন্য ভারতের দক্ষিণাঞ্চলে যাওয়ার পরিকল্পনা করেছিল। এ ব্যাপারে আরও তদন্ত চলছে।’
 
আটককৃতদের বেশিরভাগই সাতক্ষীরার। আর তাদের কারো কাছেই বৈধ কাগজপত্র ছিলোনা। তাদের কারও কাছে পাসপোর্টও নেই। কিভাবে তারা সীমান্ত পাড়ি দিয়েছে তাও খতিয়ে দেখা হচ্ছে বলে জানান ওই পুলিশ কর্মকর্তা। ইন্ডিয়ান এক্সপ্রেস
 
ইত্তেফাক/এমএইচ