কুমিল্লার বরুড়ায় চট্টগ্রামস্থ পুলিশ ইনভেস্টিগেশন ব্যুরোর (পিবিআই) একটি টিম অভিযান চালিয়ে বরুড়া আল জামিয়াতুল ইসলামিয়া দারুল উলুম মাদরাসা থেকে মো. আব্দুল কাইয়ুম মিয়াজী (২৫) নামে এক মাদরাসা ছাত্রকে জঙ্গি সন্দেহে আটক করেছে। সে জেলার চান্দিনা উপজেলার বিচুন্দাইর গ্রামের আবু তাহেরের ছেলে এবং বরুড়া জামিয়াতুল ইসলামি দারুল উলুম মাদরাসার দাওরা হাদীস বিভাগের ছাত্র।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার গভীর রাতে চট্টগ্রামস্থ পিবিআইয়ের পরিদর্শক আবু জাফর মোহাম্মদ ফারুকের নেতৃত্বে একটি দল বরুড়া থানা পুলিশের সহায়তায় অভিযান চালিয়ে উপজেলার জামিয়াতুল ইসলামি দারুল উলুম বরুড়া মাদরাসা থেকে জঙ্গি সন্দেহে মো. আব্দুল কাইয়ুমকে আটক করে। এ সময় তার কাছ থেকে মাওলানা ইসহাক খান সংকলিত ‘পরকালের পথে যাত্রা’ নামে পুস্তিকা, তার ব্যবহূত ২টি মোবাইল ফোন এবং বিভিন্ন কোম্পানির ৪টি সিমসহ নগদ ৯ হাজার টাকা উদ্ধার করা হয়। মাদরাসার অধ্যক্ষ মাওলানা মো. নোমান জানান, ওই ছাত্র গত একমাস পূর্বে আমাদের প্রতিষ্ঠানে ভর্তি হয়। তার সম্পর্কে আমাদের কোন কিছু জানা ছিল না। প্রশাসনের লোক আমাদের কাছে সহযোগিতা চেয়েছে, আমরা ওই ছাত্রকে পুলিশের হাতে তুলে দিয়েছি। সূত্র জানায়, চট্টগ্রামে আটককৃত জঙ্গীদের সাথে আটক আব্দুল কাইয়ুম মিয়াজীর সম্পৃক্ততার বিষয়টি খতিয়ে দেখতে তাকে আটক করে চট্টগ্রামে নিয়ে যাওয়া হয়েছে।
এ ব্যাপারে বরুড়া থানার ওসি মো. আসলাম সিকদার শুক্রবার সন্ধ্যায় জানান, ‘পিবিআই-চট্টগ্রামের পরিদর্শক আবু জাফর মোহাম্মদ ফারুক বিষয়টি আমাকে অবহিত করেন। পরে আমাদের সহযোগিতায় ওই ছেলেকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে রাতে চট্টগ্রাম নিয়ে যাওয়া হয়। এ বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি।’