হুয়াওয়ে, বিকাশমান স্মার্টফোন বাজারের বহুল জনপ্রিয় এক ব্র্যান্ড। প্রতিষ্ঠানটি ধীরে ধীরে বাজারের শীর্ষস্থানীয় ফোন কোম্পানির তালিকায় নিজের জায়গাটা করে নিয়েছে। অন্যান্য স্মার্টফোন প্রস্তুতকারক প্রতিষ্ঠানের তুলনায় প্রায় অর্ধেক দামের ডিভাইসে প্রিমিয়াম লেভেলের কনফিগারেশন দিয়েই এটা সম্ভব করেছে চীনা এই প্রতিষ্ঠান।
জি৯ প্লাস নামের নতুন এক ফোন আনছে হুয়াওয়ে। ইতোমধ্যে চীনের বাজারের জন্য ফোনটি উন্মোচন করা হয়েছে। এতে প্রসেসর হিসেবে রয়েছে ৬২৫ এসওসি। এছাড়াও আছে ১৬ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা। মেটাল ইউনিবডি ডিজাইনের এই ডিভাইসে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরও জুড়ে দেয়া হয়েছে।
৩জিবি র্যামের এই ফোনে রয়েছে ৫.৫ ইঞ্চি ফুল এইচডি ডিসপ্লে। ডুয়াল সিমের এই হ্যান্ডসেট হুয়াওয়ের নিজস্ব ইমোশন ইউজার ইন্টারফেসের পাশাপাশি অ্যান্ড্রয়েড মার্শম্যালো অপারেটিং সিস্টেমে চলবে।
জি৯ প্লাস স্মার্টফোনে ১৬জিবি অভ্যন্তরীণ স্টোরেজ আছে, তবে আলাদা মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে ১২৮জিবি পর্যন্ত স্টোরেজ ব্যবহার করা যাবে।
ফোনটিতে এলইডি ফ্ল্যাশসহ ১৬ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা এবং ৮ মেগাপিক্সেল ফ্রন্ট-ফেসিং ক্যামেরা বিদ্যমান।
স্মার্টফোনটি ৪জি, এলটিই, ৩জি, ওয়াই-ফাই, ব্লুটুথ, জিপিএস এবং ইউএসবি সংযোগ সমর্থন করে। হুয়াওয়ে জি৯ স্মার্টফোনে ৩,৩৪০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি আছে।
চীনের বাজারের জন্য ফোনটির দাম নির্ধারণ করা হয়েছে ২ হাজার ৩৯৯ ইয়ান, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৮ হাজার ২০০ টাকা।