বানারীপাড়ায় সন্ধ্যা নদী থেকে ভাসমান অবস্থায় অজ্ঞাত পরিচয় এক তরুনীর বিকৃত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। গতকাল শনিবার বিকেল ৩টার দিকে সন্ধ্যা নদীর পশ্চিম পাড়ের শিয়ালকাঠি ফেরীঘাট এলাকায় ওই তরুণীর লাশ ভাসছিল। ওই সময় মৃতদেহটি দেখতে পেয়ে স্থানীয় সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট তালুকদার মোঃ ইউনুস।
তিনি লাশটি উদ্ধার করে পরিচয় শনাক্ত করাসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য মুঠোফোনে বানারীপাড়া থানার ওসি জিয়াউল আহসানকে নির্দেশ দেন। পরে লাশ উদ্ধার করে বরিশাল শেবাচিম হাসপাতাল মর্গে পাঠানো হয়।
থানার ওসি(তদন্ত) ইকবাল হোসেন জানান ২৫-৩০ বছরের ওই তরুনীর কমপক্ষে এক সপ্তাহ আগে মৃত্যু হয়েছে। তরুনীর গলায় দাগ, হাতে সিটি গোল্ডের চুরি, ছোট কানের দুল, পরনে কালো পাজামা ও লাল-নীল সহ বিভিন্ন রংয়ের প্রিন্টের কামিজ রয়েছে। ধারণা করা হচ্ছে তাকে হত্যা করে লাশ নদীতে ফেলে দেওয়া হয়েছে। এ ব্যপারে থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।