সম্মিলিতভাবে স্বাধীনতা বিরোধীদের প্রতিহত করার আহ্বান খাদ্যমন্ত্রীর

খাদ্যমন্ত্রী এডভোকেট কামরুল ইসলাম মুক্তিযুদ্ধের পক্ষের সকল শক্তিকে সম্মিলিতভাবে জঙ্গিবাদী সন্ত্রাসী তথা স্বাধীনতা বিরোধীদের প্রতিহত করার আহ্বান জানিয়েছেন।
 
শনিবার সকাল সাড়ে ১০টায় খাদ্য ভবন প্রাঙ্গণে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪১তম শাহাদত বার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় খাদ্যমন্ত্রী এ আহ্বান জানান। খাদ্যমন্ত্রণালয় এ আলোচনা সভার আয়োজন করে।
 
খাদ্যমন্ত্রী বলেন, 'জাতির পিতার কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ আজ সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক প্রতিটি ক্ষেত্রে এগিয়ে যাচ্ছে এবং খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়েছে। বিশ্বব্যাংক অর্থ প্রত্যাহার করার পরেও পদ্মা সেতু হচ্ছে। আন্তর্জাতিক পর্যায়ে প্রধানমন্ত্রীর যে ইমেজ তৈরি হয়েছে তা নস্যাৎ করার জন্যই এই ষড়যন্ত্র শুরু হয়েছে। যার নেতৃত্বে রয়েছে ৭১ এর পরাজিত সেই শক্তি।
 
শুধু ক্ষমতা পরিবর্তনের জন্য নয়, ৭১ এর পরাজয়ের প্রতিহিংসা চরিতার্থ করার জন্য ষড়যন্ত্রকারীরা ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির পিতাকে সপরিবারে হত্যা করেছিল বলেও তিনি উল্লেখ করেন। তিনি বলেন, 'বিজয়ের আনন্দ ক্ষণস্থায়ী কিন্তু পরাজয়ের গ্লানি চিরস্থায়ী। আর ৭১ এর পরাজয়ের প্রতিশোধ নিতেই পরাজিত শক্তিরা ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করে।'
 
এ সময় এডভোকেট কামরুল বলেন, 'পৃথিবীর বিভিন্ন দেশের রাষ্ট্র নায়ককে হত্যা করা হয়েছে। কিন্তু আমাদের জাতির পিতাকে যেভাবে সপরিবারে নির্মমভাবে হত্যা করা হয়েছে তা পৃথিবীর ইতিহাসে আর একটিও নেই।' খবর- বাসস।
 
ইত্তেফাক/এসএস