জঙ্গিবাদ রুখতে আগে ঘর পরিশুদ্ধ করতে হবে: মহিউদ্দিন চৌধুরী

 
জঙ্গিবাদ রুখতে সবার আগে নিজ ঘর ও পরিবারকে পরিশুদ্ধ করতে হবে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম নগর আওয়ামী লীগ সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরী। শনিবার বিকালে নগরীর পতেঙ্গায় এক সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি বলেন, ‘প্রথমেই নিজের ঘরকে পরিশুদ্ধ করতে হবে। পরিবারের সকল সদস্যের গতিবিধি খেয়াল রাখতে হবে। দেখা যাচ্ছে যে, কোনো মেধাবী সন্তান আপাদমস্তক ভাল। কিন্তু তলে তলে জঙ্গিবাদী কানেকশনে যুক্ত হয়েছে। এমনকি নারী চিকিত্সক, প্রকৌশলী ও বিশ্ববিদ্যালয়ের ছাত্রীরা জঙ্গিবাদী নেটওয়ার্কে সক্রিয় ভূমিকা পালন করছে।’
 
সন্ত্রাস ও জঙ্গিবাদবিরোধী কর্মসূচির অংশ হিসেবে পদযাত্রা ও গণসংযোগ শুরুর আগে এই সমাবেশের আয়োজন করে ১৪ দল, চট্টগ্রাম। এতে জামায়াত-শিবিরকে জঙ্গিবাদ সৃষ্টির মূল উত্স বলে মন্তব্য করেন চট্টগ্রাম নগরীর সাবেক মেয়র মহিউদ্দিন।
 
তিনি বলেন, ‘অনেক জঙ্গিবাদী হোতাই জামায়াত-শিবির করত। জামায়াত-শিবিরই জঙ্গিবাদ সৃষ্টির মূল উত্স। এরা একাত্তরে আমাদের প্রতিপক্ষ পাকিস্তানী সেনা বাহিনীর দোসর হয়ে বাঙালি নিধন করেছে। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান তাদের রাজনীতিতে পুনর্বাসিত করেছেন। তার স্ত্রী খালেদা জিয়া যুদ্ধাপরাধীদের মন্ত্রী বানিয়েছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিচার করে তাদের ফাঁসির দঁড়িতে ঝুলিয়েছেন।’
ইত্তেফাক/এএম।