কুষ্টিয়ায় পুলিশের হাতে আটক এক মাদক ব্যবসায়ীকে ছাড়িয়ে নিতে জেলার দৌলতপুর উপজেলার খলিশাকুন্ডি পুলিশ ক্যাম্পে হামলা করা হয়েছে। ধৃত মাদক ব্যবসায়ীর সংঘবদ্ধ সহযোগীরা শুক্রবার সন্ধ্যায় পুলিশ ক্যাম্পে হামলা চালায়। এ সময় পুলিশ ২৫ রাউন্ড গুলিবর্ষণ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। হামলা ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ ১২ জনকে আটক করেছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায়, মাদক-বিরোধী অভিযান চলাকালে খলিশাকুন্ডি ক্যাম্পের পুলিশ বৃহস্পতিবার রাত পৌনে ১১ টার দিকে মাদক ব্যবসায়ী আব্দুর রহমানের শ্যালক ও মাদক ব্যবসায়ী মাসুদ রানাকে আটক করে ক্যাম্পে নিয়ে আসে। এরপর শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মাসুদের সহযোগী প্রায় ৫০/৬০ লোক পুলিশ ক্যাম্পে এসে চড়াও হয় এবং তারা ক্যাম্পে আটককৃত মাসুদকে ছেড়ে দেয়ার জন্য ক্যাম্প ইনর্চাজ এসআই ফেরদৌসের ওপর চাপ সৃষ্টি করতে থাকে। কিন্তু ক্যাম্প ইনচার্জ ধৃত মাসুদকে ছেড়ে দিতে অস্বীকৃতি জানালে মাসুদের লোকজন প্রথমে পুলিশ ক্যাম্পে ইট-পাটকেল ছোড়ে ও পরবর্তীতে লাঠিসোটা নিয়ে ক্যাম্পে আক্রমণ চালায়। একপর্যায়ে তারা হাতুড়ি ও শাবল দিয়ে ক্যাম্প ভাংচুরের চেষ্টা করলে পুলিশ ফাঁকা গুলিবর্ষণ করে হামলাকারীদের ছত্রভঙ্গ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ঘটনার সময় খবর পেয়ে দৌলতপুর থানা পুলিশ ও কুষ্টিয়া গোয়েন্দা পুলিশের দল পৌঁছে হামলাকারীদের মধ্যে ১২ জনকে আটক করে। আটককৃতদের ডিবি পুলিশ হেফাজতে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
দৌলতপুর থানার ওসি খবির উদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য পুলিশের পক্ষ থেকে ২৫ রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে হয়েছে। তবে এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি।