পরিদর্শন শেষে দেশে ফিরে গেছে ইংল্যান্ড প্রতিনিধি দল

ইংল্যান্ডের বিপক্ষে আসন্ন হোম সিরিজ সামনে রেখে বাংলাদেশের নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ করে দেশে ফিরে গেছে নিরাপত্তা প্রতিনিধি দল। শনিবার রাতে তারা ইংল্যান্ডের উদ্দেশ্যে রওনা দেয়।
 
তবে ইংল্যান্ড আসবে নাকি আসবে না! উত্তরটা জানতে হয়তো আরো একটু অপেক্ষা করতে হবে। বাংলাদেশের আয়োজন ব্যবস্থা দেখতে আসেন ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) তিন কর্মকর্তা।
 
বুধবার দুপুরে বাংলাদেশে আসেন ইসিবি’র নিরাপত্তা বিষয়ক পরামর্শক রেগ ডিক্যাসন, প্রফেশনাল ক্রিকেট অ্যাসোসিয়েশনের (পিসিও) প্রধান নির্বাহী ডেভিড লেদারডেল ও ইসিবি’র ক্রিকেট অপারেশন্স ডিরেক্টর জন কার। এরমধ্যে ঢাকা ও চট্টগ্রামে দুইবার সংবাদ মাধ্যমের মুখোমুখি হলেও প্রতিনিধি দল বাংলাদেশের প্রশংসা  করেন।
 
কিন্তু দেশে ফিরে কি রিপোর্ট দেবেন- তারা সেই বিষয়ে থাকেন নীরব। শনিবার শেষদিনে তারা পরিদর্শন করেন ফতুল্লা খান সাহেব ওসমান আলী স্টেডিয়াম। এই ভেন্যুতে ইংল্যান্ড-বাংলাদেশ একটি অনুশীলন ম্যাচ খেলবে। এরপর তারা ক্রিকেটারদের থাকার হোটেল রেডিসন ভালোভাবে পরিদর্শন করেন বলে জানা যায় বিসিবি’র একটি সূত্রে। সেপ্টেম্বরের ৩০ তারিখ বাংলাদেশে আসার কথা রয়েছে ইংলিশ জাতীয় দলের। তবে তাদের আসা না আসা পুরোটাই নির্ভর করছে এই প্রতিনিধি দলের রিপোর্টের উপর।
 
বুধবার বাংলাদেশে এসে প্রতিনিধি দলের সদস্যরা দেখা করেন ইংল্যান্ড দূতাবাস, অস্ট্রেলিয়া ও ইউএস দূতাবাস প্রধানদের সঙ্গে।  সেদিন রাতেই তারা হোটেল রেডিসনে দেখা করেন বিসিবি প্রধান নাজমুল হাসান পাপনের সঙ্গে। তাদের মধ্যে মিটিং হয়। অবশ্য এরপরই বিসিবি সভাপতি দেশ ত্যাগ করেন। ইসিবি প্রতিনিধি দল এরপর দিন ডিজিএফআই ও এনএসআই-এর সঙ্গে সাক্ষাৎ করে।  এরপর তারা আসেন মিরপুর শেরে বাংলা মাঠে। সেখান থেকে মাঠ পরিদর্শন শেষে যান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে। সেখানে তারা বৈঠক করেন।
 
এরপর শুক্রবার তারা সিরিজের দ্বিতীয় ভেন্যু চট্টগ্রাম পরিদর্শ করেন। তবে এর মধ্যে তারা রিপোর্ট নিয়ে কোনো কথা বলেননি। শুধু জানিয়েছেন তারা সেটি ইসিবি’র কাছে জমা  দেবেন। এই রিপোর্টের উপর নির্ভর করেই ইংল্যান্ড বাংলাদেশ সফরে আসার সিদ্ধান্ত নেবে। সিরিজে ৩টি ওয়ানডে ও ২টি টেস্ট খেলার কথা রয়েছে। ক্রিকইনফো
 
ই্ত্তেফাক/ এমএইচ