তুরস্কে বোমা হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫০

তুরস্কের দক্ষিণাঞ্চলের গাজিয়ানটেপ শহরে বিয়ের অনুষ্ঠানে বোমা হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫০ জনে। আহত হয়েছেন শতাধিক।
 
রবিবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়, ঘটনাটিকে 'সন্ত্রাসী হামলা' হিসেবে অভিহিত করছে তুর্কি সরকার। আত্মঘাতী একজন হামলাকারী হামলা চালিয়েছে বলে তারা ইঙ্গিত দিচ্ছে।
 
হামলার দায় স্বীকারের কোনো খবর না এলেও সন্দেভাজন হিসেবে ইসলামিক স্টেটকে (আইএস) দায়ী করছে তুরস্ক।
 
প্রেসিডেন্ট তায়িপ এরদোয়ান বলেন, সম্ভবত ইসলামিক স্টেটের জঙ্গিরাই শেষ রাতের দিকে এই হামলা চালিয়েছে, যা এবছরের মধ্যে তুরস্কে সবচেয়ে ভয়াবহ হামলা।
 
উপ-প্রধানমন্ত্রী মাহমেত সিমসেক হামলাটিকে 'বর্বর' হিসেবে উল্লেখ করেছেন। তবে তিনি বলেন, ঈশ্বর চাইলে আমরা এটি কাটিয়ে উঠব।
 
শহরের যে জায়গায় হামলাটি হয়েছে সেখানে বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষার্থীর বসবাস রয়েছে। বিবিসি জানিয়েছে, এখনো পর্যন্ত কোন গোষ্ঠী হামলার দায়-দায়িত্ব স্বীকার করেনি। তবে সরকারি কিছু সূত্র বলছে যে, হামলাটি চালিয়েছে তথাকথিত ইসলামিক স্টেট।
 
গাজিয়ানটেপে আইএস গোষ্ঠীর সদস্যরা আছে বলে আগেও জানা গিয়েছিল।
 
গত বছর থেকে তুরস্কে আইএস গোষ্ঠি ও কুর্দি জঙ্গিগোষ্ঠীরা একাধিক বোমা হামলা চালিয়েছে। সর্বশেষ গত জুনে ইস্তাম্বুল বিমান বন্দরে এক হামলায় ৪০ জন নিহত হয়।