আফগানিস্তানে ৪৩ তালেবান জঙ্গি নিহত

আফগানিস্তানের উত্তরাঞ্চলের কুন্দুজ প্রদেশে শনিবার নিরাপত্তা বাহিনীর অভিযানে ৪৩ তালেবান জঙ্গি নিহত হয়েছে।
 
আফগান সেনাবাহিনীর ২০৯ শাহিন কোর রবিবার বিবৃতিতে জানায়, আফগান বিমানবাহিনীর সহায়তায় যৌথ বাহিনী কুন্দুজ প্রদেশের খান আবাদ, আলী আবাদ ও ইমাম সাহেব জেলায় অভিযান চালিয়ে ৪৩ জঙ্গিকে হত্যা করে। এ সময় আরো ১৪ জঙ্গি আহত হয়েছে। অভিযানের সাংকেতিক নাম দেয়া হয়েছে ‘থান্ডার ১৪’।
 
জঙ্গিরা খান আবাদ জেলায় বেশ কয়েকটি সরকারি ভবন অল্প সময়ের জন্য দখল করার পর বিভিন্ন নিরাপত্তা চৌকিতে আগুন ধরিয়ে দেয় এবং অফিসের বিভিন্ন সামগ্রী ও যানবাহন নিয়ে যায়। শনিবার রাতে নিরাপত্তা বাহিনী জঙ্গিদের হাত থেকে খান আবাদ উদ্ধার করে। সূত্র: এএফপি
 
ইত্তেফাক/এমএএস