গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রীর সঙ্গে বেসিস প্রতিনিধিদলের বৈঠক

আবাসিক এলাকা থেকে সফটওয়্যার ও তথ্যপ্রযুক্তিনির্ভর সেবা প্রতিষ্ঠানের কার্যালয় আপাতত না সরানোর বিষয়ে আশ্বাস দিয়েছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। রবিবার (২১ আগস্ট ২০১৬) সচিবালয়ে মন্ত্রীর কার্যালয়ে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) এর প্রতিনিধিদলের এক বৈঠকে এই আশ্বাস দেন তিনি।
 
বেসিস সভাপতি মোস্তাফা জব্বারের নেতৃত্বে বেসিস প্রতিনিধিদলে আরও উপস্থিত ছিলেন বেসিসের পরিচালক মোস্তাফিজুর রহমান সোহেল ও রিয়াদ এস এ হোসেন।
 
বৈঠকে আবাসিক এলাকা থেকে বাণিজ্যিক প্রতিষ্ঠানের কার্যালয় সরিয়ে নেয়া হলে যেসব সফটওয়্যার ও তথ্যপ্রযুক্তিনির্ভর সেবা প্রতিষ্ঠান প্রতিবন্ধকতার সম্মুখীন হবে তাদের উল্লেখ করেন বেসিস প্রতিনিধিদল। পাশাপাশি সফটওয়্যার ও তথ্যপ্রযুক্তিনির্ভর সেবা প্রতিষ্ঠান আবাসিক এলাকার জন্য ক্ষতিকর নয় বলে মন্ত্রীকে অবহিত করেন। সম্ভাবনাময় খাতের এসব কোম্পানির জন্য একটি নির্ধারিত ও পর্যাপ্ত জায়গা না পাওয়া পর্যন্ত আবাসিক এলাকা থেকে সেগুলো না সরানোর জন্য আনুষ্ঠানিকভাবে অনুরোধ জানানো হয়।
 
মন্ত্রী বেসিস সভাপতির কথা মনোযোগ সহকারে শুনেন এবং তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠানসমূহ যে অন্য বাণিজ্যিক প্রতিষ্ঠানের মতো নয় সেই বিষয়ে একমত হন। তিনি বিষয়টি সহানুভূতির সঙ্গে বিবেচনা করার আশ্বাস দেন। তিনি জানান, সরকার এখন এই বিষয়ে জরিপ চালাচ্ছে। এরপর বিষয়টি বিবেচনা করা হবে।
 
সেইসঙ্গে পূর্বাচলে বেসিসের জন্য জায়গা বরাদ্দের দাবি ও যৌক্তিকতা পুনরায় তুলে ধরেন বেসিস প্রতিনিধিরা। এসময় মন্ত্রী বেসিস প্রতিনিধি দলকে পূর্বাচলে জমি বরাদ্দ দেয়ার বিষয়ে পূর্ণ আশ্বাস প্রদান করেন।
 
ইত্তেফাক/এএন