বসুন্ধরা শপিং মলের আগুন নিয়ন্ত্রণে না আসলেও আয়ত্তে

রাজধানীর পান্থপথে অবস্থিত বহুতল শপিং কমপ্লেক্স বসুন্ধরা সিটির অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে আসলেও ধোয়ার কারণে কিছু দেখা যাচ্ছে না। ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন) মেজর শাকিল নেওয়াজ সাংবাদিকদের একথা জানিয়েছেন। 
 
রবিবার বেলা সাড়ে ১১টায় রাজধানীর বসুন্ধরা সিটি শপিংমলে ৬ তলায় জুতার দোকান ‘এমএস শুজ’-এ আগুন লাগে। ১১ জনকে ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়। সেখান থেকে উদ্ধার হওয়া একজন সিকিউরিটি গার্ড মিজান বলেছেন, এমএস শুজের কার্টনে লাগা আগুন ৬, ৭ ও ৮ নম্বর ফ্লোরে এসি চ্যানেল ও বৈদ্যুতিক তারের মাধ্যমে ছড়িয়ে পড়ে।
 
ভেন্টিলেশনের ব্যবস্থা না থাকায় আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে নিতে সমস্যা হয়। মেজর শাকিল নেওয়াজ বলেন, আগুন নিয়ন্ত্রণে নিতে পেরেছি। কিন্তু ধোয়ার জন্য কিছু দেখা যাচ্ছে না। এই জন্য ভবনের কাঁচ ভেঙ্গে ধোয়া বের করার চেষ্টা করা হচ্ছে। 
 
তিনি যোগ করেন, আগুনের পরিধি এখন চার থেকে পাঁচটি দোকানের মধ্যে রয়েছে। দোকানগুলোর দরজা আগে থেকে বন্ধ ছিল। এগুলো অধিকাংশই জুতার দোকান। সেখানে রাবারও আছে। আগুনের ফলে জুতা ও রাবার গলে গিয়ে দরজা স্পর্শ করায় তা অনেকটা সিলগালার মতো হয়ে গেছে। তাই দরজা কেটে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে। ফায়ার সার্ভিস ২০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে।  
 
ইত্তেফাক/এসএসএ