বিস্ফোরক দ্রব্য আইনের একটি মামলায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ৩৬ নেতাকর্মীর বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানির তারিখ পিছিয়ে আগামী ২৫ অক্টোবর ধার্য করেছে আদালত।
সোমবার আসামিপক্ষের সময় আবেদন মঞ্জুর করে ঢাকার চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক এস এম জিয়াউর রহমান এ দিন ধার্য করেন।
আসামিপক্ষে সময়ের আবেদন করেন জয়নুল আবেদীন মেজবাহ।
মামলার এজাহার থেকে জানা যায়, ২০১৩ সালের ২ মার্চ বিকালে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ শেষে আসামিরা শান্তিনগর ও চামেলীবাগের টুইন টাওয়ারের সামনে চলাচলরত যানবাহনে ভাঙচুর ও অগ্নিসংযোগে করেন। এ সময় তারা পাঁচটি ককটেলের বিস্ফোরণ ঘটান।
ঘটনার দিনই পল্টন থানার উপ-পরিদর্শক হাবিবুর রহমান বাদী হয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ২৬ জনকে আসামি করে মামলাটি দায়ের করেন। ২০১৫ সালের ১১ মে ডিবি পুলিশের পরিদর্শক এনামুল হক এ মামলায় আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
ইত্তেফাক/কেকে