ঈশ্বরদীর পাকশীতে সাজ্জাদ হোসেন নামে এক কলেজ ছাত্রকে বেড়ানোর কথা বলে অপহরণ এবং পরে হত্যা চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। এই ঘটনায় ওই ছাত্রের দুই বন্ধুকে অভিযুক্ত করে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনাটি ঘটেছে গত ২১শে আগস্ট ঈশ্বরদী-খুলনা রেল লাইনের পাকশীর দিয়াড় বাঘইল এলাকায়।
অপহৃত কলেজ ছাত্রের মা শাহিনুর সুলতানা জানান, গত ২১শে আগস্ট সাজ্জাদ পাবনার বুলবুল কলেজের উদ্দেশ্যে রওনা হয়। দাশুড়িয়ায় বন্ধু জিকো ও স্বাধীন তাকে বেড়ানোর কথা বলে পাকশীর অদূরে রেল লাইনের ওপর নিয়ে যায়। এক পর্যায়ে জিকো ও স্বাধীন ব্যাগ হতে মোটা রশি গলায় পেঁচিয়ে দুই দিক হতে টান মারে। এ অবস্থায় সাজ্জাদ সংঙ্গাহীন হয়ে পড়লে তারা সাজ্জাদকে মৃত মনে করে রেল লাইনের ওপর ফেলে রাখে। এসময় দিয়াড় বাঘইল গ্রামের আমিরুল ইসলাম এগিয়ে এলে দুজন রশি ও চাপাতি ফেলে পালিয়ে যায়।
আমিরুলের চিৎকারে লোকজন এগিয়ে এসে সাজ্জাদকে উদ্ধার করে পাকশী ইউনিয়ন পরিষদে নিয়ে যায়। পাকশীর চেয়ারম্যান এনামূল হক বিশ্বাসের সহযোগিতায় সাজ্জাদকে ঈশ্বরদী হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার ঈশ্বরদী হাসপাতালে চিকিৎসাধীন সাজ্জাদ ঘটনার সত্যতা স্বীকার করেন। এ সময় তার গলায় রশির দাগ দেখা যায়।
এ ঘটনায় সোমবার সাজ্জাদের মা শাহিনুর সুলতানা ঈশ্বরদী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
ইত্তেফাক/এএন