মিল্কী হত্যা মামলায় দুই আসামির জামিন নামঞ্জুর

 
যুবলীগ নেতা রিয়াজুল হক খান মিল্কী হত্যা মামলার আসামি রফিকুল ইসলাম চৌধুরী ও ইব্রাহিম খলিলউল্লাহ জামিন পাননি। পরে আসামিদের আইনজীবীর আবেদনের প্রেক্ষিতে জামিন আবেদনটি উত্থাপিত হয়নি মর্মে খারিজ করে দিয়েছে হাইকোর্ট। 
 
বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি জেবিএম হাসানের ডিভিশন বেঞ্চ আজ সোমবার এই আদেশ দেন।
 
২০১৪ সালের ২৯ জুলাই রাতে গুলশানের একটি বিপনী বিতানের সামনে গুলি করে মিল্কীকে হত্যা করে তারই রাজনৈতিক সহকর্মীরা। এলাকায় রাজনৈতিক আধিপত্য বিস্তার, সাংগঠনিক পদ দখল, চাঁদাবাজি ও টেন্ডারবাজির জের ধরে এ হত্যাকান্ডের ঘটনা ঘটে বলে অভিযোগপত্রে উল্লেখ করা হয়। রফিকুল ও খলিল দুইজনই অভিযোগপত্রভুক্ত আসামি। তারা মহানগর যুবলীগ নেতা। গত জুলাই মাসে হাইকোর্টে জামিন চেয়ে তারা আবেদন করেন। 
 
আসামিদের পক্ষে আজহারউল্লাহ ভূইয়া এবং রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল শেখ একেএম মনিরুজ্জামান কবির জামিনের বিরোধিতা করে বক্তব্য রাখেন। 
 
রিয়াজুল হক খান মিল্কী ছিলেন ঢাকা মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক ছিলেন। এই ঘটনার অন্যতম পরিকল্পনাকারী জাহিদ সিদ্দিকী তারেক ঘটনার কয়েকদিন পরই র‌্যাবের ক্রসফায়ারে নিহত হন। 
 
 
ইত্তেফাক/কেকে