জিয়াউর রহমানকে প্রথম রাষ্ট্রপতি বলায় এমপি সুবিদ আলীর বিরুদ্ধে মামলা

 
বিএনপির প্রতিষ্ঠাতা ও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে প্রথম রাষ্ট্রপতি বলার অভিযোগ সরকারি দলের সংসদ সদস্য সুবিদ আলী ভূইয়ার বিরুদ্ধে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে (সিএমএম) মানহানি মামলা দায়ের করা হয়েছে। 
 
ঢাকা মহানগর হাকিম সত্যপদ শিকদারের আদালতে সোমবার দাউদকান্দি উপজেলার যুবলীগ নেতা জিলানী সরকার বাদী হয়ে এই মামলাটি দায়ের করেন। 
 
আদালত বাদীর জবানবন্দী গ্রহণ করে বাদীর আইনজীবীর শুনানি গ্রহণ শেষে শেরেবাংলা থানার ওসি তদন্ত করে প্রতিবেদন দেয়ার নির্দেশ দেন।
 
মামলার অভিযোগে বলা হয়েছে, গত ১৭ আগস্ট সরকারি প্রতিষ্ঠান সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠকে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানকে বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি উল্লেখ করেন সুবিদ আলী ভূইয়া।
 
এ নিয়ে ব্যাপক সমালোচনা শুরু হলে, এক সংবাদ সম্মেলনে সুবিদ আলী ভূইয়া বলেন, জিয়াউর রহমানকে প্রথম রাষ্ট্রপতি বলেছি এ কথার প্রমাণ দিতে পারলে আমি দল ও সংসদ সদস্যপদ থেকে পদত্যাগ করবো।
 
জানা গেছে, সুবিদ আলী ভূইয়া বিএনপি চেয়ারপাসন খালেদা জিয়া প্রধানমন্ত্রী থাকার সময় সশস্ত্র বাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসার (পিএসও) ছিলেন। চাকরি শেষে বিএনপির মনোনয়ন চেয়েও না পেয়ে ২০০১ সালে কুমিল্লার দাউদকান্দি (কুমিল্লা-১) থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে হেরেছিলেন। পরে আওয়ামী লীগে যোগদান করে গত ২০০৮ সালে নৌকা প্রতীকের প্রার্থী হয়ে বিএনপির নেতা খন্দকার মোশাররফ হোসেনকে হারিয়ে সংসদ সদস্য নির্বাচিত হন।- বাসস
 
 
ইত্তেফাক/কেকে