সম্প্রতি নির্মিত হলো পবিত্র ঈদ উল আযহা উপলক্ষে বিশেষ নাটক ‘ব্রোকেন জোন।’ নাটকটি রচনা চিত্রনাট্য ও পরিচালনা করেছেন নাসিম সাহনিক। নাটকটিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা সজল , চিত্রনায়িকা ও মডেল পিয়া বিপাশা, লাক্স তারকা চৈতি , সুপার হিরো হিরোইন তারকা ও চিত্রনায়িকা শম্পা প্রমুখ।
রোমান্টিক কমেডি ঘরানার নাটকটিতে দেখা যায় সজল প্রেমে ছ্যাকা খেয়ে লাভগুরু হয়ে গেছে। ব্রোকেন লাভারদের জন্য সে নিবেদিত প্রাণ। নিজের ছাত্রী শম্পাকে প্রেমে ছ্যাকা খাওয়া থেকে রক্ষা করতে গিয়ে পরিচয় হয় মিষ্টি মেয়ে পিয়া বিপাশার সাথে। পিয়াকে যখন সজলের ভালো লাগা শুরু হয় তখন ছাত্রী শম্পা সজলকে প্রেমের অফার দেয়। এদিকে যার কারণে সজল ব্রোকেন জোনে মানে ছ্যাকাজোনে অবস্থান করে সেই মেয়েটি পুনরায় ওর জীবনে ফিরে আসে। এই মেয়েটি আর কেউ নয় ওর দীর্ঘদিনের বান্ধবী চৈতি। একই সাথে যখন তিনজনকে নিয়ে ভাবতে হয় তখন এক ধরনের নাটকীয় বিপত্তি তৈরি হয়।
সজল বলেন, নাটকটির চিত্রনাট্যে যথেষ্ট হিউমার আছে। অনেক গোছানো চিত্রনাট্য। নির্মাণও বেশ ভালো হয়েছে। আশা করা যায় নাটকটি দর্শকপ্রিয় হবে।
পিয়া বিপাশা বলেন, সজল ভাইয়ের সাথে জুটি হয়ে কাজ করে বেশ মজা পেয়েছি। গানের দৃশ্যটি ছিলো অসাধারণ। দর্শক একটি কালারফুল প্রডাকশন উপহার পাবে বলা যায়।
লাক্স তারকা চৈতি বলেন, নির্মাতা নাসিম ভাই এবং সহঅভিনেতা সজল ভাইয়ের সাথে কাজ করে ভীষণ ভালো লেগেছে। রোমান্টিক কমেডি ঘরানার এই নাটকটি এবারের ঈদের সেরা কাজ হবে আমি মনে করি।
চিত্রনায়িকা শম্পা বলেন , নাটকটিতে অভিনয় করে বেশ মজা পেয়েছি। সজল ভাইয়ের ছাত্রী হিসেবে অভিনয় করতে গিয়ে লজ্জা লাগছিলো। পরে নিজেকে সামলে নিয়ে ভালোভাবেই ডায়ালগ ডেলিভারি দিয়েছি। প্রযোজকসূত্রে জানা গিয়েছে , নাটকটি আসন্ন ঈদে মাছরাঙ্গা টেলিভিশনে প্রচারিত হবে।