বাংলাদেশ সফরে ফিরছেন ইয়ান বেল!

বাংলাদেশ সফরকে কেন্দ্র করে ইংল্যান্ড টেস্ট দলে ফিরতে পারেন অভিজ্ঞ ব্যাটসম্যান ইয়ান বেল। গত বছরের নভেম্বরের পর থেকে তিনি কোনো আন্তর্জাতিক ম্যাচ খেলেননি।
 
সর্বশেষ ২০১৫-১৬ দক্ষিণ আফ্রিকা সফরে বাদ পড়েন ডানহাতি মিডলঅর্ডার এ ব্যাটসম্যান। ইংলিশ ক্রিকেট বোর্ডের বিবেচনায় ৩৪ বছর বয়সী বেল এতদিন ছিলেন না। তবে ১১ বছরের ক্যারিয়ারে ১১৮ টেস্টই তার থ্রী-লায়ন্স দলে আবারও সুযোগের কারণ হতে পারে।
 
আগামী অক্টোবরে ইংল্যান্ডের বাংলাদেশে সফরের কথা রয়েছে। আর এ উপমহাদেশে বেলের অভিজ্ঞতা দারুণ। ফলে টাইগারদের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে মাঠে নামার সম্ভাবনা রয়েছে তার।
 
তবে সাম্প্রতিক সময়ে বেলের প্রথম শ্রেণীর ক্রিকেটে খুব একটা ভালো সময় কাটেনি। ১৬টি ইনিংসে তার সেঞ্চুরি একটি। তবে আন্তর্জাতিক ক্যারিয়ারে ২২টি সেঞ্চুরি সহ তার অধীনে রয়েছে ৭ হাজার ৭২৭ রান।
 
ইংল্যান্ড কোচ ট্রেভর বেইলিস সম্প্রতি বেলের সঙ্গে দেখা করেছেন। আর ধারণা করা হচ্ছে সাদা পোশাকে বেলকে আবারও সুযোগ দিতে চান বেইলিস।