নিষেধাজ্ঞার কারণে বিক্রি বেড়েছে ‘বুরকিনির’

ফ্রান্সে বুরকিনির ওপর নিষেধাজ্ঞা আরোপ করায় পুরো শরীর ঢেকে রাখার ইসলামি এ পোশাকের বিক্রি এবং এর প্রতি আগ্রহ অনেক বেড়ে গেছে। বিশেষ করে অমুসলিম নারীদের মধ্যে এ প্রবণতা লক্ষ্য করা গেছে।
 
মঙ্গলবার ধর্মীয় এ পোশাকের অস্ট্রেলীয় ডিজাইনার একথা জানান। লেবানন বশোদ্ভূত অস্ট্রেলিয়ার নাগরিক আহেদা জেনাত্তি জানান, ফ্রান্সে উন্মাদনার কারণে তার এ পোশাক আরো প্রচারণা পাওয়ায় এর প্রতি আকর্ষণ অনেকে বেড়ে গেছে। তিনি জানান এ পোশাকের ট্রেডমার্ক নাম বুরকিনি। এক দশকেরও বেশী সময় আগে মুসলিম নারীদের সাঁতার কাটার জন্য প্রথম এই পোশাক তৈরী করা হয়।
 
ফ্রান্সে ধারাবাহিক জিহাদি হামলার ঘটনার পর চরম উত্তেজনার প্রেক্ষাপটে দেশটিতে বুরকিনি নিয়ে ব্যাপক বিতর্ক ছড়িয়ে পড়ে। এরপর দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলীয় ১৫ টি শহরে এটি নিষিদ্ধ করা হয়।
 
৪৮ বছর বয়সী অস্ট্রেলিয়ার এ ডিজাইনার বলেন, ‘আমি আপনাদের জানাতে পারি যে রোববার অনলাইনে আমরা ৬০ টি বুরকিনির অর্ডার পেয়েছি। এসবের সবগুলোই অমুসলিম নারীরা অর্ডার দিয়েছেন। 
 
সাধারণত রবিবার তিনি ১০ থেকে ১২ টি বুরকিনির অর্ডার পেয়ে থাকেন।