ঝিনাইদহে গৃহবধূর লাশ নিয়ে স্বজনদের বিক্ষোভ

ঝিনাইদহ শহরের বকুলতলায় তানজিলা খাতুন নামে এক গৃহবধূর মৃতদেহ নিয়ে শহরে বিক্ষোভ করেছেন তার স্বজনরা। ওই গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে। এ ঘটনায় স্বামী জুয়েল হোসেনকে আটকের দাবিতে এই বিক্ষোভ। 
 
মঙ্গলবার দুপুরে ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গ থেকে মরদেহ নিয়ে বিক্ষোভ শুরু করেন তারা। বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ড ঘুরে পাগলা কানাই মোড় গিয়ে শেষ হয়।
 
পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশে মৃত তানজিলার বাবা ও  স্বজনেরা বক্তব্য রাখেন। তারা অবিলম্বে স্বামী জুয়েল ও তার পরিবারের জড়িতদের আটকের দাবি জানান।
 
জানা গেছে, শহরের বকুলতলা এলাকার বাকি বিল্লাহর ছেলে জুয়েল হোসেনের সঙ্গে গত ২৯ এপ্রিল বিয়ে হয় সদর উপজেলার পাগলা কানাই ইউনিয়নের কোড়াপাড়া গ্রামের সাবেক ইউপি সদস্য গনির মেয়ে তানজিলার। বিয়ের পর তানজিলা খাতুন ঢাকায় পপুলার হাসপাতালে সেবিকার চাকরি শুরু করেন। তানজিলার পরিবারের  অভিযোগ স্ত্রীর অনুপস্থিতিতে স্বামী জুয়েল হোসেন পরকীয়ায় জড়িয়ে পড়েন।
 
তানজিলা বাড়িতে এসে বিষয়টি জানতে পারলে স্বামীকে বিভিন্ন সময় নিষেধ করেন। এ নিয়ে কলহে সোমবার বিকেলে জুয়েল ও তার পরিবারের লোকজন তানজিলাকে শ্বাসরোধে হত্যা করে বলে অভিযোগ ওঠে।