‘দুর্নীতিগ্রস্ত’ ক্লিনটন ফাউন্ডেশন বন্ধের দাবি ট্রাম্পের

যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলীয় প্রার্থী ডোনাল্ড ট্রাম্প সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটন প্রতিষ্ঠিত দাতব্য ফাউন্ডেশন বন্ধ করে দিতে তার স্ত্রী হিলারি ক্লিনটনের প্রতি আহবান জানিয়েছেন। তিনি একে ‘দুর্নীতিগ্রস্ত প্রতিষ্ঠান’ হিসেবে আখ্যা দিয়েছেন।
 
এক বিবৃতিতে ট্রাম্প ক্লিনটন ফাউন্ডেশনকে ‘রাজনীতির ইতিহাসে সবচেয়ে দুর্নীতিগ্রস্ত প্রতিষ্ঠান হিসেবে’ উল্লেখ করেন। বিল ক্লিনটন প্রেসিডেন্টের মেয়াদ শেষ করার পর ২০০১ সালে এটি প্রতিষ্ঠা করেন। এরপর থেকে এখন পর্যন্ত এর তহবিল দাঁড়িয়েছে ২শ’ কোটি ডলার। ট্রাম্প বলেন, এটা অবিলম্বে বন্ধ করতে হবে। তিনি বলেন, এই ফাউন্ডেশনে এমন অনেক দেশ থেকে অর্থ এসেছে যেখানে নারী, সমকামী ও প্রত্যেকে বঞ্চনার শিকার। ট্রাম্প ফক্স টেলিভিশনকে বলেন, আমি বোঝাতে চাচ্ছি, এই অর্থ ফেরত দিতে হবে। তারা এই অর্থ নিতে পারে না।
 
ট্রাম্প হিলারির ব্যক্তিগত ই-মেইল সার্ভারের ঘটনাটি একজন বিশেষ প্রসিকিউটর দিয়ে তদন্ত করারও আহবান জানান। তিনি অভিযোগ করেন, মার্কিন পররাষ্ট্র মন্ত্রী থাকাকালে হিলারির একটি ব্যক্তিগত ই-মেইল সার্ভার ব্যবহারের ঘটনা তদন্তকালে এফবিআই ও বিচার বিভাগ তাকে বিশেষ ছাড় দিয়েছে। 
 
সোমবার ওহাইওর আক্রোনে এক সমাবেশে ট্রাম্প বলেন, হিলারির ব্যক্তিগত ই-মেইল চালাচালির ঘটনায় অর্থ ও আনুকূল্যের বিষয় জড়িত। তাকে বিশেষ ছাড় দেয়া হয়েছে। তাই অবিলম্বে, অবিলম্বে, অবিলম্বে একজন বিশেষ প্রসিকিউটর দিয়ে এ তদন্ত করা প্রয়োজন। এ সময় উপস্থিত লোকজন ‘তাকে জেলে ভরো, জেলে ভরো’ বলে শ্লোগান দেয়। এএফপি।
 
ইত্তেফাক/এসএসএ