দর্শনায় দুর্নীতির অভিযোগে স্টোর কিপার বরখাস্ত

দর্শনা কেরুজ চিনিকলের কেন্দ্রীয় সার গোডাউনের হিজলগাড়ী স্টোর থেকে ইউরিয়া, টিএসপি ও এমওপি সার ঘাটতির অভিযোগে স্টোর কিপারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
 
জানা গেছে, ২০১৫-১৬ আখ রোপন মৌসুমে দর্শনা কেরুজ এন্ড কোম্পানীর বাণিজ্যিক খামারের কেন্দ্রীয় সার গোডাউন হিজলগাড়িতে বিভিন্ন রাসায়নিক সার রাখা হয়েছিল। এ মৌসুমে সার দেয়া শেষ হলে কেরুজ বাণিজ্যিক খামারের ডিজিএম আব্দুল বাকি হিসাব মিলিয়ে দেখতে পান, গোডাউন থেকে ২ হাজার ৪শ কেজি ইউরিয়া সার, ১ হাজার ২শ ৫০ কেজি টিএসপি সার এবং ৮শ ৫০ কেজি এমওপি সার ঘাটতি রয়েছে। সংশ্লিষ্ট কেন্দ্রীয় সার গোডাউনের স্টোর কিপার আব্দুল কুদ্দুস এর সুষ্ঠু হিসাব দিতে না পারায় তাকে চিনিকল কর্তৃপক্ষ সাময়িক বরখাস্ত করে। আজ মঙ্গলবার দর্শনা কেরুজ চিনিকলের প্রশাসন বিভাগ সার ঘাটতির বিষয়টি নিশ্চিত করেছে।