রাজধানীর পরীবাগে ১২ বছর বয়সী একশিশু গৃহকর্মীর রহস্যজনক মৃত্যু হয়েছে। ওই শিশু গৃহকর্মীর নাম সুমাইয়া। মঙ্গলবার বিকালে পরীবাগে ১৫ তলা বিশিষ্ট দিগন্ত টাওয়ারের ১৪ তলা থেকে পড়ে তার মৃত্যু হয়। তবে সে কিভাবে পড়েছে সে ব্যাপারে বাসার মালিকরা কিছুই জানাননি।
এদিকে পুলিশ ও ওই ভবনের বাসিন্ধারা জানিয়েছেন, ১৪ তলার ফ্ল্যাটের চারদিকে গ্রিল দিয়ে বন্ধ করা আছে। সেখান থেকে কোনভাবেই একজন মানুষ পড়ে যাওয়া সম্ভব নয়।
ওই বাড়ির ইলেকট্রনিক ইঞ্জিনিয়ার ইনচার্জ মাসুদ রানা জানান, ১৫ তলা বিশিষ্ট ওই ভবনের ১৪ তলার এম-১৪ ফ্ল্যাটে অ্যালিকো ফিনান্স এর কর্মকর্তা আবদুল কাদের জোয়ারদার থাকেন। ওই ফ্ল্যাটে সুমাইয়া গৃহকর্মীর কাজ করতো। ওই বাসায় আবদুল কাদের জোয়ারদার, তার স্ত্রী, ৮ বছর ও ৪ বছর বয়সী দুই সন্তান, ২৫ বছর বয়সী বিশ্ববিদ্যালয় পড়ুয়া এক ভাগ্নে ও বৃদ্ধা কাজের মহিলা থাকেন।
মঙ্গলবার বিকাল ৩টার দিকে ভবনের বাউন্ডারি ওয়ালের কাছে সুমাইয়াকে পড়ে থাকতে দেখেন। এরপর তিনি পুলিশকে জানান এবং একটি এম্বুলেন্সে করে সুমাইয়াকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ওই ভবনের সিকিউরিটি গার্ডরা জানান, ১৪ তলার ফ্ল্যাটের কিচেন রুমের পাশের বারান্দা থেকে সুমাইয়া পড়ে গেছে। ফ্ল্যাটের ওই বারান্দায়ও গ্রিল দিয়ে ঘেরা। ধারণা করা হচ্ছে সুমাইয়া পালানোর জন্য ওই গ্রিলের কোন ফোকর দিয়ে বের হওয়ার চেষ্টা করতে গিয়ে নিচে পড়ে যায়। এরপর তার মৃত্যু হয়। এদিকে সুমাইয়ার মৃত্যুর বিষয়ে গৃহকর্তার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি সাংবাদিকদের বলেন, আমি কথা বলতে ইচ্ছুক নই। শাহবাগ থানার ওসি আবু বরক সিদ্দীক জানান, ঘটনাস্থলে পুলিশ গিয়েছে। তদন্ত করে দেখছে, প্রকৃত ঘটনার প্রেক্ষিতে থানায় মামলা দায়ের করা হবে।
ইত্তেফাক/এমআই