নড়াইলে খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

স্বাধীনতা যুদ্ধে শহীদের সংখ্যা নিয়ে বিরুপ বক্তব্য দেয়ার অভিযোগে দায়েরকৃত মামলায় আদালতে হাজির না হওয়ায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আদালত।
 
মঙ্গলবার বিকেলে নড়াইলের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সদর আমলী আদালতের বিচারক মো. জাহিদুল আজাদ এ আদেশ দেন। জেলার কালিয়া উপজেলার চাপাইল গ্রামের এক মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান রায়হান ফারুকী ইমাম বাদী হয়ে ২০১৫ সালের ২৪ ডিসেম্বর এ মামলাটি দায়ের করেন।
 
প্রসঙ্গত, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া গত ২১ ডিসেম্বর ঢাকায় মুক্তিযোদ্ধাদের একটি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বলেন ‘স্বাধীনতা যুদ্ধে ৩০ লাখ শহীদ হয়েছেন বলা হয়। কিন্তু প্রকৃতপক্ষে কতজন শহীদ হয়েছেন, তা নিয়ে বিতর্ক আছে।’ তিনি একই সমাবেশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাম উল্লেখ না করে তাকে ইঙ্গিত করে বলেন ‘তিনি স্বাধীনতা চাননি। পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে চেয়েছিলেন। স্বাধীন বাংলাদেশ চাননি।’
 
খালেদা জিয়ার এ বক্তব্য বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়। মুক্তিযুদ্ধে শহীদদের সংখ্যা এবং জাতির জনকের  ভূমিকা প্রশ্নবিদ্ধ করে উদ্দেশ্যমূলক বক্তব্য দেয়ায় ক্ষুব্ধ হয়ে রায়হান ফারুকী ইমাম এ মামলা করেন।
 
বাদী পক্ষের আইনজীবী আব্দুস সালাম জানান, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে দায়েরকৃত মামলায় সমন পেয়ে তিনি আদালতে হাজির না হওয়ায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আদালত।