ইগলুর আয়োজনে বুধবার দেশের বৃহত্তম আইসক্রিম উৎসব

দেশের বৃহত্তম আইসক্রিম উৎসব আয়োজনের ঘোষণা দিয়েছে ইগলু । মঙ্গলবার রাজধানীর লা ভিঞ্চি হোটেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেওয়া হয়েছে।
 
ইগলু আইসক্রিমের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জি এম কামরুল হাসান সহ কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে সংবাদ সম্মেলনে জানানো হয়, চারদিন ব্যাপী এই আইসক্রিম উৎসবে দেশের আইসক্রিমপ্রেমীরা ৭০০ টাকায় নানা বৈচিত্র্যের ও স্বাদের আইসক্রিম খেতে পারবেন অফুরন্ত। উৎসবে আইসক্রিমপ্রেমীদের জন্য আইসক্রিমের পাশাপাশি দেশের বিভিন্ন খ্যাতনামা ব্যান্ড দলের পরিবেশিত লাইভ পারফরমেন্স উপভোগের সুযোগও রাখা হয়েছে।
 
ব্যান্ড দলগুলোর মধ্যে রয়েছে নেমেসিস, জলের গান, চিরকুট ও ইন্দালো। রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরার ১ নম্বর হল গুলনক্সায় উৎসবটি শুরু হবে ২৪ আগস্ট আর শেষ হবে ২৭ আগস্ট। উৎসবটি প্রতিদিন বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে।
 
ইগলুর এই আইসক্রিম উৎসবে কিডস জোন, ফান ফটোগ্রাফি, মাসকটস, ইনস্ট্যান্ট ফটো ডিসপ্লে ও ম্যাজিক পারফরমেন্স এর আয়োজন থাকবে। এছাড়াও উৎসবে আগত দর্শনার্থীদের জন্য র‌্যাফল ড্রয়েরও ব্যবস্থা রাখা হয়েছে। র‌্যাফেল ড্রতে অংশগ্রহণকারীদের জন্য এলইডি টিভি, স্মার্টফোন, বাইসাইকেল, ট্যাব ও হোম থিয়েটার ইত্যাদি পুরস্কার রয়েছে। উৎসবে আসতে আগ্রহী কেউ চারটি বা এর চেয়ে বেশি টিকিট কিনতে চাইলে তা টিকেট ক্রেতার বাসায় পৌঁছে দেওয়া হবে। 
 
কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জি এম কামরুল হাসান বলেন, আবদুল মোনেম লিমিটেড (এএমএল) ১৯৬৫ সাল থেকে বাংলাদেশে সফলতার সঙ্গে ব্যবসা করে আসছে। ক্রেতা-ভোক্তারা যাতে সপরিবারে ও সবান্ধববে এসে জীবনে নতুনত্বের ছোঁয়া খুঁজে পান এবং বৈচিত্র্যময় স্বাদের আইসক্রিম খাওয়ার অবারিত আনন্দ উপভোগ করতে পারেন সেটিকে গুরুত্ব দিয়েই আমরা এই উৎসবের আয়োজন করেছি।
 
ইত্তেফাক/এসএসএ