পাকস্থলিতে পাওয়া গেল ৪০ চাকু

 
পৃথিবীতে কত বিচিত্র স্বভাবেরই না মানুষ রয়েছে। কেউ ফাস্টফুড খেতে পছন্দ করেন তো কেউ আবার পছন্দ করেন একেবারে অখাদ্য বস্তু খেতে। এই যেমন ভারতের এক ব্যক্তির প্রিয় খাবারের তালিকায় জায়গা করে নিয়েছিল চাকু।
 
৪২ বছর বয়সী ঐ ব্যক্তি এক এক করে ৪০টি চাকু খেয়ে বিরল এই ঘটনার জন্ম দিয়েছেন। ভারতের উত্তরাঞ্চলের ঐ বাসিন্দা মারাত্মক পেটব্যথার কারণে ভর্তি হয়েছিলেন সেখানকার একটি  হাসপাতালে। ডাক্তাররা তার আল্ট্রাসাউন্ডের পর জানতে পারেন পেটের মধ্যে প্রচুর পরিমাণ ধাতব বস্তু রয়েছে। অপারেশনের পর চিকিত্সকরা জানান, ঐ ব্যক্তির পাকস্থলির মধ্যে ভাঁজ করা চাকু, খোলা চাকু, ভাঙা চাকু, নতুন চাকু, পুরনো চাকুসহ হরেক রকমের চাকু পেয়েছেন তারা। অভিজ্ঞ শল্য চিকিত্সকরা তার অপারেশনের সময় রীতিমতো ভীত ছিলেন। তারা জানতেন, অপারেশনের সময় সামান্য এদিক-ওদিক হলেই মারাত্মক ঝুঁকির মধ্যে পড়তেন চাকু খাদক ঐ ব্যক্তি। তবে কোনো রকম দুর্ঘটনা ছাড়াই সফল অপারেশনের মধ্যে দিয়ে সুস্থ হয়ে উঠছেন চাকু খাদক।-ইউপিআই