বিকাশের মাধ্যমে প্রতারণা চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে কাউন্টার টেরোরিজম এন্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট। বুধবার ডিএমপি থেকে এই তথ্য জানানো হয়েছে।
গ্রেফতাকৃতরা হলেন-মোঃ সাইফুল ইসলাম, মোঃ আশরাফুল আলম ও মোঃ শরিফুল ইসলাম। এসময় পুলিশ তাদের নিকট হতে প্রতারণার কাজে ব্যবহৃত চারটি মোবাইল ফোন উদ্ধার করে।
ডিএমপি জানিয়েছে, ঢাকার সাইবার সিকিউরিটি এন্ড ক্রাইম বিভাগের মোবাইল ফিন্যান্স সিকিউরিটি টিম পঞ্চগড় জেলায় বিশেষ অভিযান পরিচালনা করে তিনজনকে গ্রেফতার করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানায়, সংবেদনশীল ও মমতা সৃষ্টিকারী মিথ্যা এসএমএস প্রেরণ করে মানুষের মনে মায়া ও বিশ্বাস সৃষ্টি করে বিকাশের মাধ্যমে টাকা আদায় করত। প্রতারক মোঃ সাইফুল ইসলাম প্রথমে মোবাইল ফোনে টার্গেট ব্যক্তির নিকট এসএমএস প্রেরণ করতেন। তারপর সংশ্লিষ্ট ব্যক্তির নিকট ফোন করে সুকৌশলে অত্যন্ত দক্ষতার সাথে তার ঘনিষ্ঠ বন্ধু সেজে তার কাছ থাকে সহমর্মিতা আদায় করে টাকা পাঠানোর অনুরোধ করত। চক্রের অন্যান্য সদস্যগণ উক্ত প্রতারণার কাজে বিকাশ নাম্বার দিয়ে তাকে সহযোগিতা করে।
ঘটনার শিকার ব্যক্তির অভিযোগের ভিত্তিতে উল্লেখিত আসামিদের বিরুদ্ধে শেরে বাংলানগর থানায় একটি নিয়মিত মামলা করা হয়েছে।
ইত্তেফাক/এএসএস