গরুর 'সৎকারে' রাজি না হওয়ায় মারধর!

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কড়া হুঁশিয়ারি সত্ত্বেও গুজরাটে দলিত সম্প্রদায়ের মানুষের উপর আক্রমণের ঘটনা বেড়ে চলেছে। এবার আরেকটি ঘটনা ঘটেছে গুজরাতের সৌরাষ্ট্র এলাকায়, যেখানে গরুর মৃতদেহ সৎকারের কাজে রাজি না হওয়ায় দুজন দলিত সম্প্রদায়ের ব্যক্তিকে হেনস্থা এবং মারধর করা হয়েছে।
 
এই ঘটনা সূত্রপাত হয় দু'দিন আগে। গ্রামের প্রধান আতাভাই আহির গরুর মৃতদেহ সৎকারের দায়িত্ব দেন নাগজি নামের এক ব্যক্তিকে। নাগজি জানান যে, দলিতদের উপর হামলার প্রতিবাদে এই কাজ করা বন্ধ করে দিয়েছেন তিনি। তাই তার পক্ষে এই কাজ করা সম্ভব নয়। এরপরেই ওই দলিত পরিবারটির উপরে হামলার ঘটনা ঘটে।
 
গুরুতর আহত অবস্থায় নাগজি রাঠৌর এবং মায়াভাই রাঠৌরকে হাসপাতালে ভর্তি করা হয় চিকিৎসার জন্য।
 
পুলিশ জানিয়েছে, এই ঘটনার পিছনে স্থানীয় গোরক্ষকরদেরই হাত রয়েছে। এ নিয়ে মামলাও হয়েছে।
 
গ্রামের প্রধান আতাভাই আহিরকে গ্রেফতার করা হয়েছে বলেও জানিয়েছে পুলিশ।