নানা আয়োজনে বুধবার থেকে শুরু হয়েছে চারদিন ব্যাপী ইগলু আইসক্রিম উৎসব। আইসক্রিম ও ভোজন প্রেমীদের পদচারণায় মুখরিত এই উৎসবে পাওয়া যাচ্ছে বিভিন্ন স্বাদ ও গন্ধের অফুরন্ত আইসক্রিম।
এই উৎসবে দেশের আইসক্রিমপ্রেমীরা বিশেষ বিশেষ আইসক্রিমের স্বাদ গ্রহণের অফুরন্ত সুযোগ পাবেন। তাঁরা ৭০০ টাকায় নানা বৈচিত্র্যের ও স্বাদের আইসক্রিম খেতে পারবেন। উৎসবে আইসক্রিমপ্রেমীদের জন্য আইসক্রিম খাওয়ার পাশাপাশি দেশের বিভিন্ন খ্যাতনামা ব্যান্ড দলের পরিবেশিত লাইভ পারফরমেন্স উপভোগের সুযোগও রাখা হয়েছে। ব্যান্ড দলগুলোর মধ্যে রয়েছে নেমেসিস, জলের গান, চিরকুট ও ইন্দালো। বুধবার পারফর্ম করেছে নেমেসিস।
ইগলুর এই আইসক্রিম উৎসবে কিডস জোন, ফান ফটোগ্রাফি, মাসকটস, ইনস্ট্যান্ট ফটো ডিসপ্লে ও ম্যাজিক পারফরমেন্স সহ বিভিন্ন ধরনের মনোমুগ্ধকর আয়োজন থাকছে। এছাড়াও উৎসবে আগত দর্শনার্থীদের জন্য র্যাফেল ড্রয়েরও ব্যবস্থা রাখা হয়েছে। র্যাফেল ড্রতে অংশগ্রহণকারীদের জন্য এলইডি টিভি, স্মার্টফোন, বাইসাইকেল, ট্যাব ও হোম থিয়েটার ইত্যাদি পুরস্কার রয়েছে।
রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরার ১ নম্বর হল গুলনক্সায় শুরু হওয়া উৎসবটি চলবে আগামী ২৭ আগস্ট পর্যন্ত। উৎসবটি প্রতিদিন বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে। উৎসবটি ঘিরে আইসক্রিম প্রেমীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা গিয়েছে।
কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জি এম কামরুল হাসান বলেন, ক্রেতা-ভোক্তারা যাতে সপরিবারে ও সবান্ধবে এসে জীবনে নতুনত্বের ছোয়া খুঁজে পান এবং বৈচিত্র্যময় স্বাদের আইসক্রিম খাওয়ার অবারিত আনন্দ উপভোগ করতে পারেন সেটিকে গুরুত্ব দিয়েই আমরা এই উৎসবের আয়োজন করেছি।
ইত্তেফাক/এসএসএ