প্রথমবারের মত ব্রিসবেনে খেলবেন নাদাল

আগামী বছর ব্রিসবেন ইন্টারন্যাশনালে খেলবেন বিশ্বের পাঁচ নম্বর তারকা রাফায়েল নাদাল। আয়োজক সূত্রে এই তথ্য নিশ্চিত করা হয়েছে, ক্যারিয়ারে এই প্রথমবারের মত অস্ট্রেলিয়ার মাটিতে মৌসুম শুরু করতে যাচ্ছেন নাদাল।
 
বছরের প্রথম গ্র্যান্ড স্ল্যাম অস্ট্রেলিয়ান ওপেনের আগে জানুয়ারিতে অস্ট্রেলিয়ার পশ্চিমাঞ্চলীয় শহর ব্রিসবেনে বছরের প্রথম টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়ে থাকে। গত বছর ফাইনালে রজার ফেদেরারকে পরাজিত করে শিরোপা জিতেছিলেন কানাডার মিলোস রাওনিক। এক বিবৃতিতে ১৪টি গ্র্যান্ড স্ল্যামের মালিক নাদাল বলেছেন, মৌসুমের প্রথম সপ্তাহে ব্রিসবেন টুর্নামেন্টে এবারই প্রথম আমি খেলতে যাচ্ছি। সত্যিকার অর্থেই অনেক দিন থেকেই টুর্নামেন্টটিতে খেলার আগ্রহ ছিল। আশা করছি অস্ট্রেলিয়ায় এই প্রস্তুতি গ্র্যান্ড স্ল্যামের জন্য দারুণ কাজে আসবে। 
 
টুর্নামেন্ট পরিচালক জিওফ কুইনলান বলেছেন আয়োজকরা ৩০ বছর বয়সী নাদালের সাথে বেশ কয়েক বছর যাবত আলোচনা করে আসছে। কিন্তু কোনসময়ই তাকে পাওয়া যায়নি। এবার তাকে পেয়ে টুর্নামেন্টের চেহারা বেশ পাল্টে যাবে বলে তিনি বিশ্বাস করেন। এর ফলে লাইন-আপ নিয়ে দর্শকদের মধ্যে বাড়তি উত্তেজনা লক্ষ্য করা গেছে। ব্রিসবেন ইন্টারন্যাশনাল অস্ট্রেলিয়ান ওপেনের ঠিক আগে ১-৮ জানুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হয়ে থাকে। এএফপি।
 
ইত্তেফাক/এসএসএ