বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তরের দুর্নীতির বিভিন্ন অভিযোগ নিয়ে গণশুনানি আয়োজন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আগামী ৩০ আগস্ট সকালে রাজধানীর আগারগাঁওয়ের এলজিইডি মিলনায়তনে এই গণশুনানি অনুষ্ঠিত হবে।
গণশুনানিতে অভিযোগ তুলে ধরতে হলে আগামী ২৮ আগস্টের মধ্যে দুদকের সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১ এর উপপরিচালক (টেলিফোন- ৯৩৫৮৯৬৬, মোবাইল- ০১৮১৬৭২৬৯৫৯) এর সঙ্গে প্রয়োজনীয় তথ্য বা উপাত্তসহ যোগাযোগ করার জন্য কমিশনের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।
এ ছাড়া ঢাকার মতিঝিল, উত্তরা, গুলশান, মিরপুর, রমনা, লালবাগ তেজগাঁও, ওয়ারি অঞ্চলের দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি বা সাধারণ সম্পাদকের সঙ্গে যোগাযোগ করা যেতে পারে।
দুদক সূত্র জানিয়েছে, পাসপোর্ট ইস্যু, পাসপোর্ট সংশোধন, পাসপোর্ট নবায়ন, পাসপোর্ট ডেলিভারি, বিদেশি নাগরিকের ভিসার মেয়াদ বৃদ্ধি, শরণার্থীদের আইডি কার্ড ইস্যু, অ্যারাইভাল ভিসা ইস্যু- ইত্যাদি ক্ষেত্রে দুর্নীতি, হয়রানি বা অন্য কোনো ধরনের ভোগান্তির বিষয়ে দুদকের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এবং সংশ্লিষ্ট অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে গণশুনানিতে অভিযোগ তুলে ধরা যাবে।