পাটগ্রাম ভূমি অফিসে আমুল পরিবর্তন

সাধারণ মানুষের মাঝে সেবা নিশ্চিত করণে ভূমি চিরন্তন নামে হেল্প ডেস্ক সেবা কেন্দ্র চালু করায় লালমনিরহাট জেলার সীমান্তবর্তী উপজেলার পাটগ্রাম ভূমি অফিসে আমুল পরিবর্তন সাধিত হয়েছে। কাজকর্মে ব্যাপক গতি ফিরে আসার পাশাপাশি দুর্নীতি আর হয়রানিমুক্ত হওয়ায় জনমনে ফিরেছে স্বস্তি। ভূমি সংক্রান্ত সেবা জনগণের দোর গোড়ায় পৌঁছে দেয়ার জন্য পরিকল্পনা মোতাবেক হেল্প ডেস্ক বা সেবা কেন্দ্র চালু করেছেন সহকারী কমিশনার (ভূমি) টি এম এ মমিন।  
 
সরকারি নির্দেশনা মোতাবেক সিটিজেন চার্টার অনুযায়ী পাটগ্রাম ভূসি অফিস থেকে ভূমি সংক্রান্ত ২৫ ধরনের সেবা জনসাধারণকে দেয়া হচ্ছে। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এর উদ্যোগে দুর্নীতি, হয়রানিমুক্ত সমাজ গঠনে অফিস চলাকালিন সার্বক্ষণিক একজন কর্মচারী জনসাধারণকে সেবা প্রদানে ‘‘জমি নাম খারিজ’’ বিলুপ্ত ছিটমহলের জনসাধারণকে পরামর্শ প্রদান ও দ্রুততম সময়ে কাজ কর্ম করা হচ্ছে। এছাড়া ‘ক’ তফসীলভুক্ত অর্পিত সম্পত্তির লিজ নবায়ন বিষয়ক একটি পাইলট প্রজেক্ট চালু করা হয়েছে। একঘণ্টার মধ্যে সেবা গ্রহীতাকে লিজ নবায়ন করা হচ্ছে। রাজস্বও আসছে প্রচুর। বর্তমান ভূমি অফিসে ভূমি সংক্রান্ত মামলা মোকদ্দমার কোনো জট নেই। প্রতিমাসে ৫ শতাধিক ব্যক্তিকে ‘‘ভূমি চিরন্তন’’সেবা প্রদান করা হচ্ছে। সম্প্রতি উপজেলার ৫৫টি বিলুপ্ত ছিটমহলের প্রাক জরিপের কাজ সম্পন্ন হয়েছে। ভূমি অফিসের উপসহকারী কর্মকর্তা আব্দুল কুদ্দুস জানান, বিগত ৫ বছরে ভূমিহীনদের মাঝে খাস জমি বন্দোবস্তের শতাধিক পেন্ডিং কেস ভূমিহীনদের মাঝে সরকারি কবুলিয়ত করা হয়েছে।
 
ভূমি অফিসে সেবা প্রত্যাশী জগতবেড় গ্রামের সাফিউল ইসলাম, আব্দুর রহমান জানান, কোন প্রকার ভোগান্তি ছাড়াই দ্রুত সময়ে তাদের ভূমির কাজ করা হয়েছে। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) টি, এম এ মমিন ও নাজির সিরাজুল হক জানান, ৩০ বছরের অনিষ্পন্ন ৭৮টি রেন্ট সার্টিফিকেট মামলা নিষ্পত্তি ও ২৫ লাখ টাকার দাবি আদায় করা হয়েছে। এছাড়াও গত ২০১৪- ২০১৫  অর্থবছরে ভূমি রাজস্ব আদায় হয়েছে ৫৮ লক্ষ টাকা। ২০১৫- ২০১৬ অর্থ বছরে আদায় হয়েছে ১ কোটি ৪ হাজার টাকা যা গত বছরের তুলনায় দ্বিগুণ।
 
 

ইত্তেফাক/এএন