ফকিরহাটে টানা বৃষ্টির সঙ্গে জোয়ারের পানিতে হাজার হাজার মত্স্য ঘেরসহ কৃষি জমি প্লাবিত হয়েছে। এছাড়া পানিবন্দি হয়ে পড়েছে প্রায় ৪ হাজার পরিবার। ক্ষতিগ্রস্ত হয়েছে ছয় সহস্রাধিক মত্স্য চাষি ও কৃষক।
উপজেলার মুলঘর, নলধা মৌভোগ, বাহিরদীয়-মানসা, পিলজংগ, লখপুর, বেতাগা, শুভদিয়া ও ফকিরহাট সদর ইউনিয়নে কয়েক দিনের ভারি বৃষ্টি ও জোয়ারের পানিতে ব্যাপক জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। ভৈরব কালিগঙ্গাসহ উপজেলার উপর থেকে প্রবাহিত পাঁচটি নদী ও প্রায় অর্ধশতাধিক খাল পলি জমে ভরাট হওয়ায় বৃষ্টি এবং জোয়ারের পানিতে নিমজ্জিত হয়েছে উপজেলার ৭৫% কৃষি জমি ও মত্স্য ঘের। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান রাস্তাঘাট ও ঘর-বাড়িতে জলাবদ্ধতা সৃষ্টি হওয়ায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে।
পান ও মত্স্য চাষি আসাদ জানান, হঠাত্ অবিরাম বৃষ্টিতে ও যুগিখালী নদীর জোয়ারের পানিতে তার প্রায় তিন হেক্টর পান বরজ ও চার হেক্টর জমির মাছের ঘের তলিয়ে গেছে। দ্রুত পানি না কমলে ৫০ লাখ টাকার ক্ষতি হবে।
উপজেলা মত্স্য কর্মকর্তা ইখতেখারুল আলম জানান, বৃষ্টি ও জোয়ারের পানিতে প্রায় ৫ হাজার মত্স্য চাষির ১ হাজার হেক্টর জমির মত্স্য ঘের নিমজ্জিত রয়েছে। এতে প্রায় ৫০ কোটি টাকার ক্ষতির আশঙ্কা করছেন চাষিরা।
ইত্তেফাক/এএন