প্রাথমিক উপবৃত্তি প্রদানে মোবাইল ব্যাংকিং চালু হচ্ছে

 
সারাদেশে প্রাথমিক শিক্ষার্থীদের উপবৃত্তি প্রদানের জন্য মোবাইল ব্যাংকিং চালু হতে যাচ্ছে। প্রাথমিক উপবৃত্তি প্রদানের জন্য প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে বুধবার রূপালী ব্যাংক এবং টেলিটক একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে।
 
এই সমঝোতা স্মারক অনুযায়ী সরকার রূপালী ব্যাংক শিওরক্যাশ মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে সারাদেশে মায়েদের কাছে উপবৃত্তির টাকা পৌঁছে দেবে এবং টেলিটক 
 
মায়েদেরকে বিনামূল্যে মোবাইল সিম প্রদান করবে। অনুষ্ঠানে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান প্রধান অতিথি এবং ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
 
প্রাথমিক ও গণশিক্ষা সচিব মো. হুমায়ুন খালিদ, রূপালী ব্যাংক লিমিটেডের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক দেবাশীষ চক্রবর্ত্তী এবং টেলিটক বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক গিয়াস উদ্দীন আহমেদ এই সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। এ সময় জানান হয়, উপবৃত্তির টাকা পৌঁছে দেয়ার জন্য টেলিটক ‘মায়ের হাসি’ নামে নতুন সেবা চালু করছে। আগ্রহী মায়ের কাছে বিনামূল্যে সিম বিতরণ করা হবে এবং প্রতি মাসে ১৫ টাকা ফ্রি টক-টাইম প্রদান করা হবে।
 
মোস্তাফিজুর রহমান বলেন, মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে উপবৃত্তি বিতরণ সরকারের সবচেয়ে বড় পেমেন্ট ডিজিটাইজেশন উদ্যোগ। এর মাধ্যমে সরকার উপবৃত্তির টাকা সরাসরি মায়েদের মোবাইল ব্যাংকিং একাউন্টে পাঠিয়ে দিচ্ছে। এতে উপবৃত্তি ব্যবস্থাপনা আরও সহজ ও দক্ষ হবে, এবং মায়েদের ভোগান্তি কমবে।