নবীগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩

 
হবিগঞ্জের নবীগঞ্জে বাস-ট্রাকের এর মুখোমুখি সংঘর্ষে এক নারীসহ তিনজন নিহত হয়েছে। এই ঘটনার আরো ২০ জন আহত হয়েছেন। বুধবার রাতে এই দুর্ঘটনা ঘটে। 
নিহতরা হলেন-ঢাকার মিরপুর পল্লবীর বাসিন্দা নূরজাহান বেগম (৪০) ও অজ্ঞাত দুইজন পুরুষ। 
 
বাসের যাত্রীরা জানিয়েছে, ওরস উপলক্ষে ঢাকা থেকে বাস ভাড়া করে যাত্রীরা সিলেট হযরত শাহজালাল (রঃ)-এর মাজার জিয়ারতে আসেন। ওরস থেকে ফেরার পথে মহাসড়কের নবীগঞ্জ উপজেলার রস্তুমপুর টোল প্লাজা এলাকায় রাত সাড়ে দশটার দিকে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সাথে বাসের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই নূরজাহান বেগম নিহত হন। খবর পেয়ে শেরপুর হাইওয়ে থানা পুলিশ দুর্ঘটনাস্থলে এসে স্থানীয় লোকজনের সহায়তায় হতাহতদের উদ্ধার করে। এ সময় বাস থেকে অজ্ঞাত আরো দুইজনের লাশ উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, এর মধ্যে একজন চালক রয়েছেন।  
 
দুর্ঘটনার পর স্থানীয় জনতা ঢাকা-সিলেট মহাসড়ক আধাঘণ্টা অবরোধ করে রাখলে উভয় দিকে শত শত গাড়ি আটকা পড়ে।
 
দুর্ঘটনায় আহতদেরকে সিলেট ও বাহুবলসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার পর ট্রাক নিয়ে চালক পালিয়ে গেছে। 
 
শেরপুর হাইওয়ে থানার এসআই অজয় দেব জানান, আহতদেরকে উদ্ধার করে বিভিন্ন হাসপতালে পাঠানো হয়েছে।-বাসস।
 
ইত্তেফাক/এএসএস