রাজধানীর উইলস লিটল ফ্লায়ার স্কুল এন্ড কলেজের অষ্টম শ্রেণির ছাত্রী সুরাইয়া আক্তার রিতা (১৫) ছুরিকাঘাতের ঘটনায় আজ বৃহস্পতিবার রমনা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। আহত রিতার মা তানিয়া আহমেদ বাদী হয়ে মামলা করেছেন। মামলায় ওবায়দুল খান (৩০) নামে এক যুবককে আসামি করা হয়েছে।
অভিযোগে বলা হয়েছে, বুধবার বেলা ১টার দিকে রিতা স্কুল শেষ করে ফুট ওভার ব্রিজ দিয়ে রাস্তা পার হওয়ার সময় ওবায়দুল খান তাকে উত্যক্ত করে। এ সময় রিতাকে ছুরিকাঘাত করা হয়। এতে তার পেটের বাম পাশে ও এক হাতে গভীর খতের সৃষ্টি হয়। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নারী ও শিশু নির্যাতন দমন আইনে দায়ের করা এই মামলাটি তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছেন পুলিশের রমনা বিভাগের উপ কমিশনার মারুফ হোসেন সরদার। তিনি বলেন, ওবায়দুল খান ইস্টার্ন মল্লিকা মার্কেটের বৈশাখী টেইলার্সের কাটিং মাস্টার। মাস ছয়েক আগে ওই ছাত্রী তার মাকে নিয়ে ওই দোকান থেকে তার একটি স্কুল ড্রেস বানায়। দোকানের ক্যাশ মেমোতে উল্লেখ করা মোবাইল ফোনের সূত্র ধরে ওবায়দুল খান রিতাকে প্রায়ই বিরক্ত করতো। পরে রিতা তার মোবাইল ফোন বন্ধ করে দেয়। এরই জের ধরে ওই যুবক ক্ষিপ্ত হয়ে স্কুলের সামনে ফুট ওভার ব্রিজের ওপর ছুরিকাঘাত করে। তবে ঘটনার পরপরই ওবায়দুল তার টেইলার্সের দোকান থেকে পালিয়ে যায়। তাকে গ্রেফতারের চেষ্টা করা হচ্ছে।
রিতার বাবা রমজান আলী একজন ক্যাবল অপারেটর ব্যবসায়ী তাদের বাসা বংশালের সিদ্দিক বাজারে। ইত্তেফাক/এমআই