ডিজিটাল যুগে টিকে থাকতে তথ্য প্রযুক্তির বিকল্প নেই : পলক

তথ্য ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, আমরা প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে সকল সেবাকে জনগণের মধ্যে পৌঁছে দিচ্ছি। জনগণকে সম্পৃক্ত করে দক্ষ মানবসম্পদ তৈরি করে আমাদের তথ্য ও প্রযুক্তি শিল্পের বিকাশ ঘটাচ্ছি। কারণ ডিজিটাল যুগে টিকে থাকতে হলে তথ্য প্রযুক্তির বিকল্প নেই।
 
বৃহস্পতিবার সকাল ১১টার দিকে চট্টগ্রামের পটিয়া উপজেলার মুজাফরাবাদ বালিকা উচ্চ বিদ্যালয়ে শেখ রাসেল ডিজিটাল কম্পিউটার ল্যাব পরিদর্শন শেষে এক আলোচনা সভায় তিনি এ সব কথা বলেন।
 
তিনি বলেন, মানবসম্পদ উন্নয়নে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে চাই। কেননা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০২১ সালে যে ডিজিটাল বাংলাদেশ বির্নিমাণ  করতে চান। বাংলাদেশে প্রযুক্তি গ্রহণের যে হার তা ইতিমধ্যে সারাবিশ্বে দৃষ্টান্ত স্থাপন করেছে। দেশে ইতিমধ্যে প্রায় ১৩ কোটিরও বেশি মোবাইল ব্যবহারকারী রয়েছে। ৬ কোটিরও বেশি ইন্টারনেট ব্যবহারকারী রয়েছে। গ্রামের সাধারণ মানুষ ঘরে বসেই ইন্টারনেট ব্যবহার করতে পারছে।
 
বিদ্যালয় মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন স্কুল পরিচালনা কমিটির সভাপতি লায়ন সন্তোষ কুমার নন্দী। এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল হাশেম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শফিউল আজম, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মানিক কর, খরনা ইউপি চেয়ারম্যান মাহবুবুর রহমান, আওয়ামী লীগ নেতা গোলাম সরওয়ার চৌধুরী মুরাদ, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য আবদুল হান্নান চৌধুরী লিটন, বিদ্যালয়ের দাতা সদস্য রনধীর প্রমুখ।
 
 
ইত্তেফাক/ইউবি